২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে মোদী

বিশ্বের অন্যতম অপরিচ্ছন্ন দেশ বলে প্রচারিত দুর্নাম ঘোচাতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 08:48 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

উন্মুক্ত স্থানে মলত্যাগ করে ৬০ কোটি ভারতীয়

যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার সরকারি কর্তা ও দলীয় নেতাদের নিয়ে নয়া দিল্লির রাজপথ ও বস্তির অলিগলির আবর্জনা পরিষ্কারে নামেন তিনি। নিজ হাতেই আবর্জনা ঝুড়িতে তুলতে দেখা যায় তাকে।

এনডিটিভি’র প্রতিবেদলে বলা হয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ও সর্বজন শ্রদ্ধেয় নেতা মহাত্মা গান্ধীর জন্মদিনকে পাঁচ বছর মেয়াদি পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী দিন হিসেবে বেছে নেন মোদী।

২০১৯ সালে গান্ধীর দেড়শ তম জন্মবার্ষিকীতে জাতিকে একটি স্বচ্ছ ভারত উপহার দেয়ার পরিকল্পনা রয়েছে তার।

‘স্বচ্ছ ভারত অভিযানে’ ভারত জুড়ে পার্ক, সরকারি ভবন ও সড়কের অবর্জনা-জঞ্জাল পরিষ্কারে নামে হাজার হাজার স্কুলশিক্ষার্থী, সরকারি কর্তা ও সাধারণ মানুষ। ক্ষমতাসীন বিজেপি নেতা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও এমপিরাও এতে অংশ নেন।

ভারতের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর শৌচাগার নিয়ে বিশ্ব সমাজে সমালোচনা রয়েছে। মাত্র ৩২ শতাংশ বসত বাড়িতে নিরাপদ শৌচাগার রয়েছে বলে ২০১১ সালের এক সরকারি শুমারিতে জানা গেছে।

ভারতে ৬০ কোটির বেশি মানুষ এখনও খোলা আকাশের নিচে উন্মুক্ত স্থানে মলত্যাগ করছে বলে গত বছর ইউনিসেফের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল।

বাংলাদেশ ও ভিয়েতনাম এক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারলেও শ’ শ’ কোটি ডলার খরচ করে ভারত কোনো সুফল আনতে পারেনি বলে সমালোচনা করে ইউনিসেফ।

পৃথিবীর অন্যতম অপরিচ্ছন্ন ও নোংরা দেশের বদনাম ঘুচাতেই পরিষ্কার পরিচ্ছন্নতা পরিকল্পনা হাতে নেন মোদী। গত নির্বাচনী ইশতেহারেও পরিচ্ছন্নতার প্রতিশ্রুতি ছিল তার।

এইদিন মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত বাল্মীকি বস্তি থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন মোদী। ওই বস্তিতে কিছুদিন অবস্থান করেছিলেন গান্ধী।

ইন্ডিয়া গেইটে সমবেতদের উদ্দেশ্যে মোদী বলেন, “গান্ধীর ‘ভারত ছাড়’ আন্দোলনে সাড়া দিয়ে জনতা ব্রিটিশদের কাছ থেকে দেশ স্বাধীন করেছিল। কিন্তু তার ভারত পরিচ্ছন্ন করার স্বপ্ন এখনো অপূর্ণ।”

মোদীর পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেয়া সরকারি কর্তাসহ হাজার হাজার মানুষ বছরে একশ ঘণ্টা স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন। সপ্তাহে অন্তত দুইঘণ্টা পরিচ্ছন্নতার কাজ করবেন তারা।

জনস্বাস্থ্য ইস্যুটি মোদীর উন্নয়ন পরিকল্পনার শীর্ষ রয়েছে। প্রতিটি স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থার উদ্যোগ ইতোমধ্যেই নিয়েছেন তিনি।