ব্লাসফেমি: খ্রিস্টান বন্দিকে হত্যা করল পুলিশ
পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে আটক দুই বন্দিকে কারাগারে গুলিবিদ্ধ করেছে পুলিশ, যাদের একজন পরে মারা গেছেন বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি শহরের একটি কারাগারে খ্রিস্টান ধর্মপ্রচারক জাফর ভাট্টি ও ব্রিটিশ নাগরিক মুহাম্মদ আসগরকে গুলি করা হয়। আসগর মারাত্মকভাবে আহত হলেও জাফর গুলিতে নিহত হন।
ভাট্টি পাকিস্তানে খ্রিস্টানদের অধিকার নিয়ে কাজ করা একটি অধিকার সংগঠনের কর্মী। ২০১২ সালে ধর্ম অবমাননার একটি অভিযোগে তাকে কারাগারে রাখা হয়।
ভাট্টির মোবাইল থেকে পাঠানো একটি ম্যাসেজের মাধ্যমে তিনি ইসলাম ধর্মের নবী মোহাম্মদকে অবমাননা করেছিলেন বলে আদালতের কাছে অভিযোগ করা হয়েছে।
তার পরিবারের সদস্যরা জানান, যে মোবাইল থেকে প্রচার হওয়া ম্যাসেজ নিয়ে ভাট্টিকে গ্রেপ্তার করা হয়েছে সেটি অন্যের নামে রেজিস্ট্রেশন করা বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
পরিবারের সদস্যরা পাকিস্তানের মানবাধিকার সংগঠন ‘লাইফ ফর অল’কে জানান, কারাগারে আসগরের সঙ্গে একই সেলে বন্দি ছিলেন জাফর ভাট্টি। সম্প্রতি অন্যান্য বন্দি এবং কারারক্ষীরা তাকে হত্যার হুমকি দিচ্ছিল।
ব্রিটেনের ইডেনবার্গ এর অধিবাসী আসগর নিজেকে নবী দাবি করেছেন বলে তার বৈরী এক প্রতিবেশী অভিযোগ করার পর ২০১০ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এ বছর জানুয়ারিতে আসগরকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানের একটি আদালত।
আসগরের আইনজীবী রয়টার্সকে জানায়, ব্রিটেনে থাকাকালেও তিনি মানসিক ভারসাম্যহীন কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার হয়েছিলেন। সেজন্য তার চিকিৎসাও হয়েছে।
গত কয়েক মাস ধরে পরিবারের সদস্যদেরকে কারাগারে গিয়ে আসগরের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছিল না।
পাকিস্তানে ধর্ম অবমাননার অপরাধে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে কঠোর আইন প্রচলিত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো ওই আইনের সমালোচনা করলেও দেশটির বিভিন্ন মহল থেকে জোর সমর্থনের কারণে আইনে শিথিলতা আনা যাচ্ছে না।
ব্লাসফেমি বা ধর্ম অবমাননার আইনে পরিবর্তন আনার পক্ষে থাকা পাকিস্তানের একজন রাজনীতিক কয়েক বছর আগে দেহরক্ষীর হামলায় নিহত হয়েছিলেন।
