২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাপাকসের আশ্রয়দাতা নাশিদের লঙ্কা-বন্ধন

জনরোষের মুখে পালিয়ে প্রতিবেশী দেশ মালদ্বীপে উঠেছেন শ্রীলঙ্কার প্রেডিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সেখানে তাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যার ভূমিকা আলোচিত, সেই মোহাম্মদ নাশিদের শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক বহু পুরনো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 11:10 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপের এক সময়ের প্রেসিডেন্ট নাশিদ এখন পার্লামেন্ট বা মজলিসের স্পিকারের পদে রয়েছেন। তার উদ্যোগেই বুধবার প্রথম প্রহরে গোটাবায়া মালদ্বীপের রাজধানী মালেতে আশ্রয় পান বলে গণমাধ্যমে খবর এসেছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে গেলেন মালদ্বীপে

শ্রীলঙ্কায় রাজাপাকসে রাজত্বের কলঙ্কময় ইতি  

বলা হচ্ছে, গোটাবায়া একটি সামরিক বিমানে করে মালেতে নামতে চাইলে প্রথমে মালদ্বীপের কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। পরে স্পিকার নাশিদের হস্তক্ষেপে অবতরণের অনুমতি দেওয়া হয়।

এর ফলে আলোচনায় উঠে আসা নাম নাশিদের শ্রীলঙ্কার সঙ্গে বহু দিনের সম্পর্ক তুলে এনেছে ভারতের সংবাদপত্র দ্য প্রিন্ট।

বর্তমানে মালদ্বীপের ক্ষমতাসীন দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির সহ-প্রতিষ্ঠাতা ৫৫ বছর বয়সী নাশিদ এক সময় শ্রীলঙ্কায় নির্বাসনে ছিলেন। সেই সূত্রে তার সঙ্গে শ্রীলঙ্কার রাজনীতিকদের ওঠা-বসা দীর্ঘদিনের।

দুই মাস আগেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে কলম্বোয় মালদ্বীপের ত্রাণ কার্যক্রম তদারকির সমন্বয়ক হিসেবে নাশিদকে মনোনীত করেছিলেন।

Image
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

তখনই কথা উঠেছিল যে গোটাবায়া, মাহিন্দাসহ রাজপাকসের রক্ষার দায়িত্বই নিয়েছিলেন নাশিদ, যদিও তিনি সে কথা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন।

তরুণ বয়সেই বেশ কিছু দিন শ্রীলঙ্কায় ছিলেন নাশিদ। ইংল্যান্ডে পড়তে যাওয়ার আগে তিনি ১৯৮১ সালে কলম্বোর একটি স্কুলে পড়াশোনা করেছিলেন।

যুক্তরাজ্য থেকে ফিরে ৯০ এর দশকে মালদ্বীপে গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামেন নাশিদ। তখনকার প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের বিরুদ্ধে ছিল তার আন্দোলন।

তখন বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন নাশিদ, দেশ থেকে বের করে দেওয়ার পর আশ্রয় নিয়েছিলেন সবচেয়ে কাছের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। বিদেশে থেকে মাঝে-মধ্যেই সাংবাদিকদের সামনে আসতেন।

তেমন ঘটনা স্মরণ করে নেপাল টাইমসের সম্পাদক কুণ্ডা দীক্ষিত বলেন, ১৯৯৩ সালে কলম্বোয় কেএফসির একটি দোকানে তিনি নাশিদের সাক্ষাৎকার নিয়েছিলেন। তখন নাশিদ বলেছিলেন তার উপর চালানো গাইয়ুম সরকারের নির্যাতনের কথা।

তার ছয় বছর পর ১৯৯৯ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হন নাশিদ।

তবে ২০০৩ সালে মালদ্বীপে দাঙ্গা বাঁধলে আবার শ্রীলঙ্কায় পালিয়ে যান নাশিদ। সেখানেই গঠন করেন মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি। নির্বাসিত সেই জীবনে শ্রীলঙ্কার আর যুক্তরাজ্যে ছিল তার নিয়মিত যাতায়াত।

Image
মোহাম্মদ নাশিদ নানা সময়ে ছিলেন শ্রীলঙ্কায়। ছবি: রয়টার্স

মোহাম্মদ নাশিদ নানা সময়ে ছিলেন শ্রীলঙ্কায়। ছবি: রয়টার্স

১৮ মাস পর ২০০৫ সালে নাশিদ আবার ফেরেন মালদ্বীপে। ২০০৮ সালে তিনি আবার মালদ্বীপের প্রেসিডেন্টের চেয়ারে বসেন। সেটাই ছিল মালদ্বীপে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রথম সরকার।

কিন্তু চার বছরের মাথায় সেনা মদদে এক অভ্যুত্থানে ক্ষমতা হারান নাশিদ। নানা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৩ বছরের সাজার রায়ও হয়।

২০১৬ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পান নাশিদ, যাওয়ার পথে তিনি চেনা শ্রীলঙ্কাতেই যাত্রা বিরতি দিয়েছিলেন। পরে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেন।

২০১৮ সালে নাশিদের বিরুদ্ধে মামলা বাতিল করে দেয় মালদ্বীপের সুপ্রিম কোর্ট। আদালত বলে, এই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এরপর নাশিদ আবার দেশে ফেরেন। নাশিদেরই এক সময়ের সহকর্মী ইব্রাহিম মোহামেদ সোলিহ ততদিনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নাশিদ তখন হন পার্লামেন্টের স্পিকার।