প্রয়োজন মেটাতে ‘৬ মাসে ৫০০ কোটি ডলার’ লাগবে শ্রীলঙ্কার
জীবনযাত্রার ন্যূনতম মান বজায় রাখতে আগামী ৬ মাসে শ্রীলঙ্কার নগদ অর্থের সংকটে থাকা সরকারের অন্তত ৫০০ কোটি ডলার লাগবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
এর মধ্যে জ্বালানি আমদানিতেই লাগবে ৩৩০ কোটি ডলারের মতো, বলেছেন তিনি।
“কেবলমাত্র অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, আমাদের পুরো অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে,” অন্তর্বর্তী বাজেট প্রণয়নে কাজ করা রনিল এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোয়া দুই কোটি জনসংখ্যার দ্বীপদেশটি স্বাধীনতার পর গত ৭ দশকে আর কখনোই এত ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখেনি; বিদেশি মুদ্রার ঘাটতির কারণে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যও আমদানি করতে পারছে না।
পরিস্থিতি মোকাবেলায় আগের ঋণ পুনর্গঠনের চেষ্টার পাশাপাশি নতুন ঋণও খুঁজছে তারা।
মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের মুখপাত্র জানিয়েছেন, সার কিনতে ভারতের এক্সিম ব্যাংকের কাছ থেকে ৫৫ লাখ ডলার ঋণ নেওয়ার প্রস্তাবে মন্ত্রিসভা সায় দিয়েছে।
