২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশন বিতর্ক চান ইমরান খান

বিভিন্ন বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে জিইয়ে থাকা বিভেদ মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশনে বিতর্কে বসার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 11:54 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

রাশিয়ান টেলিভিশন ‘রাশিয়া টুডে’ কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ আগ্রহ প্রকাশ করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার সাক্ষাৎকারটি প্রকাশ পায়।

পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে জন্মলগ্ন থেকেই কাশ্মীরের সীমান্তসহ নানা বিষয়ে চরম বিরোধ রয়েছে।

স্বাধীনতার পর থেকে তারা এখন পর্যন্ত পরষ্পরের বিরুদ্ধে তিনটি যুদ্ধ করেছে। ভারত এবং পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে।

মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘‘আমি নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশনে বিতর্ক করতে খুবই আগ্রহী।”

দুই দেশের মধ্যে যেসব বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে বিতর্কের মাধ্যমে যদি সেগুলো সমাধান করা সম্ভব হয়, তবে ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মানুষ উপকৃত হবে বলেও মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

রয়টার্স এ বিষয়ে ভারতের বক্তব্য জানতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল। কিন্তু সেখান থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

ইমরান বলেন, ‘‘শত্রুতার সম্পর্ক তৈরি হওয়ায় ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য তলানিতে গিয়ে ঠেকেছে।”

তার সরকার সব দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কের উন্নতি করতে চান বলেও জানান তিনি। ইমরানের এ বক্তব্যের আগে পাকিস্তনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তা রাজ্জাক দাউদও সম্প্রতি একই ধরনের মন্তব্য করেছেন।

গণমাধ্যমের খবর ‍অনুযায়ী, দাউদ সাংবাদিকদের বলেছেন, তিনি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নকে সমর্থন করেন। যাতে উভয় দেশেই লাভবান হবে।

নানা কারণে পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্যের সুযোগ এমনিতেই হ্রাস পাওয়ার কথা ইমরান খান নিজেও স্বীকার করেছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমের প্রতিবেশী ইরানের উপর যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নানাবিধ নিষেধাজ্ঞা রয়েছে। পশ্চিমের প্রতিবেশী আফগানিস্তানে এক দশকের বেশি সময় ধরে যুদ্ধ চলছে।

বাকি থাকল চীন আর ভারত। উত্তরের প্রতিবেশী দেশ চীনের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। চীন সরকারের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এবং অন্যান্য প্রকল্পের অধিনে পাকিস্তানের অবকাঠামোগত উন্নয়নে কোটি কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীন।

চীনের পাশিপাশি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে পাকিস্তান। এ লক্ষে্য বুধবার ইমরান খানের মস্কো সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। দুই দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যাচ্ছেন।

ইউক্রেইন নিয়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মুখোমুখি অবস্থানে ফলে বর্তমানে যে সংকটময় পরিস্থিতির তৈরি হয়েছে তার আগেই ইমরান খানের দুই দিনের রাশিয়া সফরের সূচি তৈরি করা হয়েছিল।

ইউক্রেইন সংকট নিয়ে ইমরান বলেন, ‘‘আমরা এ নিয়ে উদ্বিগ্ন নই। রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং আমরা সেই সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী।”