২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইনে পড়া বালিকাকে বাঁচাতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

ভুপালের কাঠমিস্ত্রি মোহাম্মদ মেহবুব তার কারখানায় ফেরার সময় জানতেন না একটু পরই তাকে সাহসিকতার পরীক্ষা দিতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 04:12 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভুপাল শহরের বারখেদি এলাকার কারখানায় ফেরার সময় মেহবুব দেখেন একটি মালবাহী রেলগাড়ি এগিয়ে আসছে, তা দেখে আরও কয়েকজনের সঙ্গে তিনিও অপেক্ষা করার জন্য দাঁড়ান।

দাঁড়ানোর পরপরই মেহবুব (৩৭) আতঙ্কিত হয়ে দেখেন, বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি বালিকা হঠাৎ লাইনের ওপর পড়ে গেছে। 

মালবাহী ট্রেনটি বালিকাটির দিকে এগিয়ে আসার সময় স্তম্ভিত হওয়ার মতো আরও একটি ঘটনা ঘটল। নিজের জীবনের তোয়াক্কা না করে মেহবুব উঁঠে দাঁড়ানোর চেষ্টারত বালিকাটির দিকে দৌঁড়ে গেলেন। হাতে আর সময় নেই বুঝতে পেরে মেয়েটির দিকে ঝাঁপ দিলেন তিনি। 

তারপর হামাগুড়ি দিয়ে মেয়েটির কাছে গিয়ে তাকে ট্রেনের দুই লাইনের মাঝে টেনে আনলেন। নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক মেহবুব মেয়েটির মাথা নিচের দিকে চেপে ধরে রাখলেন আর ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে গেলেও অক্ষত রইলেন তারা। 

বীরত্বপূর্ণ এই উদ্ধারের ঘটনা ভিডিও করেছেন সেখানে থাকা কয়েকজন। এসব ভিডিওর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করা ওই ভিডিওতে মেহবুবকে চলন্ত ট্রেনের নিচে ওই বালিকাটির হাত ধরে লাইনের ওপর লম্বা হয়ে শুয়ে থাকতে দেখা গেছে।