কেরালায় পাহাড়ের ফাটলে ২ দিন আটকে থাকার পর উদ্ধার
ভারতের কেরালা রাজ্যের এক পাহাড়ের খাড়া ঢালের ফাটলে প্রায় ৪৮ ঘণ্টা খাবার ও পানিবিহীন অবস্থায় আটকে থাকা একজন আহত ট্রেকারকে উদ্ধার করেছেন ভারতীয় সেনাবাহিনীর পর্বতারোহীরা।
বিবিসি জানিয়েছে, আর বাবু নামের ওই ট্রেকার সোমবার তিন বন্ধুর সঙ্গে পাহাড়ে ভ্রমণের সময় পিছলে পাহাড়ের ঢালের ওই ফাটলে পড়ে যান।
কেরালা পালাক্কাড জেলার এক হাজার ফুট উঁচু কুরুমবাচি পাহাড় এর খাড়া ঢালগুলোর জন্য পরিচিত। এই পাহাড়টির ওপরে চড়ার বিষয়ে ট্রেকারদের আগেই সতর্ক করে রেখেছে কেরালার বনবিভাগ।
বাবু পড়ে গিয়ে পাহাড়টির ওই ফাটলে যখন আটকে যান, তখন শুধু সেখানে বসে থাকার মতো কিছুটা জায়গা পেয়েছেন।
দড়ি ও লাঠির সাহায্যে বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হন। পরে তারা পাহাড় থেকে নেমে সাহায্য চাইতে পুলিশের কাছে যান।
বাবু তার কাছে থাকা মোবাইল দিয়ে নিজের সেলফি ও আশপাশের ছবি তুলে তাদের পাঠায় যেন তারা তাকে খুঁজে পায়।
জোরেশোরে উদ্ধার অভিযান শুরু হওয়ার পর পাহাড়ের পাশে যেখানে তিনি আটকা পড়ে আছেন তা নজরদারি করতে ড্রোন ব্যবহার করা হয়। মঙ্গলবার ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বেশ কয়েকবার তার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ওই এলাকার পাহাড়গুলোর গড়ন ও নিম্নমুখি বাতাসের চাপে কারণে এ প্রচেষ্টাও ব্যর্থ হয়।
মঙ্গলবার রাতে বাবুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় জনপ্রিতিনিধি শাফি পারামবিল।
তিনি বলেন, “মঙ্গলবার দুপুর পর্যন্ত উদ্ধার কর্মীদের দিকে হাত নেড়ে সাড়া দিয়েছে সে, কিন্তু সন্ধ্যার দিকে সে খুব দুর্বল হয়ে পড়ে।”
মঙ্গলবার রাতে বন্যপ্রাণীদের দূরে রাখতে কর্তৃপক্ষ সেখানে মশাল জ্বালিয়ে দিয়েছিল বলে উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা হিন্দুস্তান টাইমস সংবাদপত্রকে জানিয়েছেন।
উদ্ধারকারীদের তিনটি পৃথক দল বাবুর কাছে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর কেরালার মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর কাছে সাহায্য চান। তার অনুরোধে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠায় সেনাবাহিনী।
বুধবার সকালে তারা বাবুর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। তারা তাকে বলে, “ভয় পেয়োনা, আমরা পৌঁছে গেছি।”
নিউজ ওয়েবসাইট মানোরামার প্রতিবেদনে বলা হয়েছে, “সেনাবাহিনীর যে দলটি অভিযান পরিচালনা করেছে তারা বাবুর কাছাকাছি পৌঁছানোর পর তাকে পানি ও খাবার দেয়। এরপর তাকে নিরাপত্তা সরঞ্জামে সজ্জিত করা হয়, তারপর দলটির একজন সদস্য বাবুকে পাহাড়ের ওপরে নিয়ে যায়।”
উদ্ধারের পর বাবুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
