ভারতে স্কুল খুলছে: মানিয়ে নিতে পারবে তো শিশুরা
ভারতের রাজধানী দিল্লিতে এ মাসে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। অনলাইনে জুম ক্লাসে ছোট ছোট চৌক বাক্সের ভেতর স্কুলের বন্ধুদের দেখা শিশুরা শ্রেণীকক্ষে মানিয়ে নিতে পারবে তো।
কোভিড-১৯ মহামারীর কারণে ভারতে প্রায় দুই বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকেছে।
দিল্লির বাসিন্দা সিনু জেবারাজের তিন বছরের মেয়ে ২০১৯ সালের ডিসেম্বরে দারুণ আনন্দ নিয়ে স্কুলে যাওয়া শুরু করার অপেক্ষা করছিল।
কিন্তু ছোট্ট শিশুটির স্কুল যাওয়া শুরুর আগেই কোভিড-১৯ মহামারীর বিস্তার রুখতে ভারতজুড়ে লকডাউন জারি হয়ে যায়। এমনকি কয়েক মাস পর লকডাউন যখন আস্তে আস্তে শিথিল হতে থাকে, তখনো বন্ধ থাকে স্কুল।
এক সময় সংক্রমণের বিস্তার অনেকটা কমে এলে কয়েকটি রাজ্য স্কুল খোলার উদ্যোগ নেয়। কিন্তু সংক্রমণের ঢেউ দ্বিতীয়বার, তৃতীয়বার আঘাত হানায় গত প্রায় দুই বছরে বেশিরভাগ রাজ্যে স্কুল আর খোলা সম্ভব হয় না।
সিনু জেবারাজের মেয়ের বয়স এখন পাঁচ বছর। গত প্রায় দুই বছর ধরে সে স্কুলে পড়ছে; নিয়মিত ক্লাসও করছে। কিন্তু সবই অনলাইনে ‘জুম’র মাধ্যমে।
বিবিসিকে সিনু বলেন, ‘‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে আমার মেয়ে স্কুলে গিয়ে সামাজিক মেলামেশার পাঠ শিখবে। তার কাছে ক্লাসের বন্ধুরা মানে, তাদের সবাই জুমের ছোট ছোট চারকোণা বক্সের মধ্যে থাকে।”
খুব শিগগির হয়তো সিনু তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সুযোগ পাবেন। কারণ, দিল্লি সরকার এ মাসে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে বলে জানায় বিবিসি।
করোনাভাইরাস মহামারীর কারণে ভারতে গত প্রায় দুই বছর স্কুল বন্ধ আছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, যার প্রভাব দেশটির প্রায় চার কোটি ২০ লাখ প্রাক-স্কুল পর্যায়ের শিশুর জীবনে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা যদি কয়েক বছর স্কুল থেকে দূরে থাকে তবে সেটাই তাদের শিক্ষাজীবনে প্রভাব ফেলতে যথেষ্ট।
ভারতের মহামারী বিশেষজ্ঞ ডা. চন্দ্রকান্ত লাহারিয়া বিবিসিকে বলেন, ‘‘যদি একটি শিশু তার প্রথম গ্রেডে শিক্ষা থেকে বঞ্চিত হয়, তবে পরবর্তী কয়েক গ্রেড পর্যন্ত সেটার প্রভাব তাবে বয়ে বেড়াতে হতে পারে।
‘‘এক্ষেত্রে শিশু যত ছোট হবে, তার জীবনে এভাবে শিক্ষা বঞ্চিত হওয়ার প্রভাব তত দীর্ঘমেয়াদী হবে।”
ডা. চন্দ্রকান্ত সবসময়ই স্কুলে খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ইন্টারনেটে শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত লাখো শিশু
এতো গেলো স্কুলে যেতে না পেরে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া শিশুদের উপর এর প্রভাবের কথা।
কিন্তু ওই সব লাখ লাখ শিশুদের কী অবস্থা; যাদের ঠিকঠাক ইন্টারনেট নেই, ল্যাপটপ বা স্মার্টফোন নেই। স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষা থেকে যারা সম্পূর্ণরূপে বঞ্চিত।
গত বছর অগাস্টে অর্থনীতিবীদদের করা একটি গবেষণায় দেখা গেছে, ভারতে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে দরিদ্র শিশুদের উপর তার ‘পরিণতি অত্যন্ত মারাত্মক’ হয়েছে।
গবেষণায় অংশ নেওয়া ১৪০০ শিশুর প্রায় অর্ধে এমনকি কয়েকটি শব্দের বেশি পড়তে পারে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার স্কুল বন্ধ থাকার কারণে লাখ লাখ দরিদ্র শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি বুঝতে পেরেছে বলে মনে হচ্ছে। কিন্তু সম্প্রতি দেশটির পার্লামেন্টে উপস্থাপন করা সর্বশেষ বাজেটে এ সংকট সমাধানের যে পথ ঘোষণা করা হয়েছে তাতে অনেক বিশেষজ্ঞই অসন্তোষ প্রকাশ করেছেন।
ভারত সরকার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার ঘাটতি পূরণ করতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে স্থানীয় ভাষায় শিশুদের পাঠদানের ব্যবস্থার কথা ঘোষণা করেছে। কিন্তু যেসব এলাকায় বিদ্যুৎই নেই সেখানকার শিশুরা কিভাবে টেলিভিশনে দেওয়া শিক্ষা গ্রহণ করবে বা অন্য কোন উপায়ে তারা লেখাপড়া করবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া
যেসব শিশুরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছে তারা নিঃসন্দেহে ভাগ্যবান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ওইসব শিশুরাও শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কারণ, শিশুদের পক্ষে দীর্ঘসময় ধরে জুম ক্লাসে মনযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
তামিলনাড়ুর একটি স্কুলের চাইল্ড কাউন্সিলর রুথ মারিয়া বলেন, ‘‘ক্লাস চলার সময় অনেক শিশু ক্যামেরার সুইচ বন্ধ করে দিচ্ছে। তারা যে পুরো সময় ধরে অনলাইন ক্লাসে মনযোগ ধরে রাখতে পারছে না এটা তার একটি লক্ষণ।”
শিক্ষকদের জন্যও অনলাইনে শিশুদের পাঠদান বেশ কঠিন।
রুথ মারিয়া বলেন, ‘‘শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিশুদের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমেও শিক্ষকরা অনেক কিছু বুঝতে পারেন। কিন্তু এখন তাদের শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়।”
মালাথি খাওয়াজের পাঁচ বছরের ছেলে ২০২০ সাল থেকে অনলাইনে ক্লাস করছে। তখন থেকে তার শিক্ষকরা চেষ্টা করছেন যেন শিশুরা ৩০ মিনিটের ক্লাসে মনযোগ ধরে রাখতে পারে।
‘‘কিন্তু এমনকি ওই ৩০ মিনিটের ক্লাসেও শিশুদের মনযোগ ধরে রাখতে শিক্ষকদের রীতিমত লড়াই করতে হচ্ছে,” বলেন মালাথি।
শিশু বিশেষজ্ঞ মারিজা সিতার বলেন, পাঁচ বছর বা তার বেশি বয়সের শিশুদের আশেপাশে যখন অন্যান্য শিশুরা থাকে তখন তারা সবথেকে ভালো শেখে।
‘‘খেলার মাধ্যমে শিশুরা সামাজিক নানা দক্ষতা এবং কিভাবে সমস্যায় পড়লে তার সমাধান করতে হয় সেটা শেখে। সহপাঠীদের কাছ থেকে দূরে বাড়িতে বসে তারা এসব শিক্ষা পাবে না।”
মালাথি বলেন, তার ছেলের শিক্ষকরা শিশুদের শেখাতে সর্বোচ্চ চেষ্টা করছেন।
‘‘কিন্তু শুধু লেখাপড়া নয়, আমরা আশা করি তারা স্কুলে থেকে সামাজিক দক্ষতা, বন্ধুত্ব গড়ে তোলা, এমনকি কিভাবে ক্লাসে মনযোগ ধরে রাখতে হয় তার শিক্ষাও পাবে। অনলাইনে ক্লাসে এসব শেখা সম্ভব না।”
শিশুরা ঠিকঠাক মত ক্লাস করছে এটা নিশ্চিত করতে গিয়েও বাবা-মাকে রীতিমত ঘাম ঝরাতে হচ্ছে।
নিশ্চিতভাবেই বাবা-মায়ের এই হতাশার প্রভাব শিশুদের উপরও পড়ছে বলে মনে করেন মালাথি। বলেন, ‘‘আমার পাঁচ বছরের ছেলে কাঁদতে কাঁদতে জুম ক্লাস করে। কারণ, আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নই। আমি জানি না কিভাবে আনন্দের সঙ্গে লেখাপড়া শেখানো যায়।
‘‘আমি এমনকি সাহায্যের জন্য আমার বোনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। ও একজন শিক্ষানবীশ শিক্ষক। জানি, সবার কাছে এই সুযোগও নেই।”
সিনু বা মালাথির মত ভারতীয় মায়েরা এখন আশা ও উৎকণ্ঠা নিয়ে সন্তানদের স্কুল খোলার অপেক্ষায় রয়েছেন।
সিনু বলেন, ‘‘আমার মেয়ের কাছে হয়তো স্কুল খুবই অদ্ভূত মনে হবে এবং সব কিছু বুঝতে অসুবিধায় পড়বে।
‘‘তাকে এখন স্কুলে গিয়ে লেখাপড়া করতে হবে এবং অবশ্যই সে কিছুটা অস্বস্তির মধ্য দিয়ে যাবে।”
