২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান খান কি ভুলে গেছেন সে কথা: হামিদ মির

পাকিস্তানের সামরিক বাহিনীর রোষানলে পড়া সাংবাদিক হামিদ মির দুষলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2021, 12:26 AM

Updated : 02 Aug 2022, 05:53 PM

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানে বুধবার মতামত কলামে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে ইমরান খান সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি এখন তা ভুলে গেছেন।

বিশ্বের মুক্ত গণমাধ্যম সূচকে পাকিস্তানের পিছিয়ে পড়ার দিকটি দেখিয়ে তিনি লিখেছেন, ইমরান খান যখন প্রধানমন্ত্রী হন, তখন পাকিস্তান ছিল ১৩৯তম অবস্থানে, এখন অবস্থান পিছিয়ে ১৪৫ এ গিয়ে ঠেকেছে।

এক সময়ের তারকা ক্রিকেটার ইমরান নতুন দল গঠন করে রাজনীতিতে নেমে ২০১৮ সালে ভোটে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।

তবে তার ক্ষমতারোহনের পেছনে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব রেখে আসা সেনাবাহিনীর ভূমিকা ছিল বলে মনে করা হয়।

সাংবাদিক হামিদ মির পাকিস্তানের জিও নিউজের জনপ্রিয় টক শো ‘ক্যাপিটাল টক’ চালাচ্ছিলেন। সেই অনুষ্ঠানটি থেকে সম্প্রতি তাকে সরিয়ে দেওয়া হয়।

পাকিস্তানে সেনাবাহিনীর সমালোচনা, উপস্থাপনা থেকে সরানো হল হামিদ মিরকে  

ক্ষুব্ধ হামিদ মির লিখেছেন, “এক সময় ইমরান খান আর আমি দুজনই পাকিস্তানের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে লড়ছিলাম। ২০০৭ সালে যখন সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারি করেন, তখন আমার টেলিভিশনে উপস্থিত হওয়া নিষিদ্ধ করেছিলেন। তখন যে কজন রাজনীতিক তার প্রতিবাদ করেছিলেন, তার মধ্যে ইমরান খানও একজন।  

“তখন আমি টক শোকে একেবারে ইসলামাবাদের সড়কে নিয়ে গিয়েছিলাম। মানুষ সরাসরি এসে দেখত লাইভ শো। তখন ইমরান খান নিয়মিতই আমার টক শোতে আসতেন। তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘যখন আমি প্রধানমন্ত্রী হব, সাংবাদিকরা সত্যিকারের স্বাধীনতা পাবে’।”

Image
ইমরান খান

ইমরান খান

সেই ইমরান খানের জমানায় হামিদ মির হেনস্তার মুখে পড়েছেন সাংবাদিকদের স্বাধীনতার কথা বলতে গিয়ে। সামরিক বাহিনীর সমালোচক আরেকজন সাংবাদিক আসাদ আলী তূরের নিজ বাড়িতে আক্রান্ত হওয়ার প্রতিবাদ করতে গিয়ে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টরা ওই নির্যাতন চালিয়েছিল বলে সাংবাদিক আসাদ আলীর অভিযোগ।

হামিদ মির লিখেছেন, “আমি একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখেছিলাম। সেখানে সাংবাদিক, আইনজীবী, অধিকারকর্মীরা জড়ো হয়েছিল আসাদ আলী তূরের প্রতি সংহতি জানাতে।

“বক্তব্যে হামলাকারীদের আমি হুঁশিয়ার করেছিলাম। বলেছিলাম, যদি এভাবে বাড়িতে ঢুকে আমাদের পেটানো হয়, আমরা শান্ত হয়ে বসে থাকব না। আমি কোনো ব্যক্তি কিংবা সংস্থার নামও নিইনি।”

“এটাই আজ পাকিস্তানের বাস্তব ট্রাজেডি। এই দেশটি এখন সম্পূর্ণ অচেনা লোকরা চালাচ্ছে। তারা কারা, সেটা প্রত্যেকেই জানে, কিন্তু তাদের নাম নেওয়ার সাহস কারও নেই। ছায়ার মধ্যে থেকে তারা এখন জবাবদিহিতার ঊর্ধে,” লিখেছেন হামিদ মির।

রাজধানী ইসলামাবাদ পাকিস্তানের সাংবাদিকদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, কলামে তার বর্ণনা দেন তিনি।

নিজের উপর ২০১৪ সালের গুলিবর্ষণের ঘটনা তুলে ধরে হামিদ মির বলেন, ছয়টি গুলি লেগেছিল, দুটি এখনও দেহের ভেতরে নিয়ে তিনি চলছেন। দুই বছর আগে তার গাড়িতে বোমা পেতে রাখা হয়েছিল। কিন্তু এর একটিরও বিচার হয়নি।

Image
হামিদ মির

হামিদ মির

এই সাংবাদিক বলছেন, এখন সাংবাদিকদের প্রথমে হুমকির পর হুমকি দেওয়া হয়, তাতে থামাতে না পারলে নেমে আসে নির্যাতন, এমনকি হত্যাও করা হচ্ছে। কিন্তু দোষি কেউ ধরা পড়ছে না।

গত এক বছরে সাংবাদিকদের হুমকি দেওয়ার ১৪৮টি ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন হামিদ মির।

“আর সেন্সরশিপ তো আছেই। হঠাৎ করে শো বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে টিভি পর্দা থেকে কোনো চ্যানেল রহস্যময়ভাবে হারিয়ে যাবে।”

অনলাইনে লেখালেখিও এখন কতটা কঠিন পাকিস্তানে, তাও জানান তিনি।

ইমরান খানের সরকার যে পাকিস্তান মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স করতে যাচ্ছে, সেই আইন গণমাধ্যমের মুখ বন্ধের হাতিয়ার হবে বলে মনে করেন হামিদ মির। তিনি মন্তব্য করেছেন, মিয়ানমারের জান্তা সরকার আইনটি পেলে খুশি হবে।

“গত সপ্তাহে আমার মনে হল, যথেষ্ট হয়েছে, আর নয়। আমি ঠিক করেছি, আমি বলে যাব।”

ইমরান খানের উদ্দেশে তিনি বলেছেন, “আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, ১৪ বছর আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা কি তার মনে আছে। তিনি কি এখন সাংবাদিকদের পক্ষে দাঁড়াতে চান আগের মতো। নাকি তিনি গণমাধ্যমের স্বাধীনতার শত্রুদের পক্ষেই অবস্থান নেবেন?”

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো এবং নানাভাবে সহায়তার জন্য যে কয়জন পাকিস্তানি বিদেশি বন্ধু হিসেবে বাংলাদেশের সম্মাননা পেয়েছেন তার মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রয়াত অধ্যাপক ও সাংবাদিক ওয়ারিস মীর। তারই ছেলে হলেন হামিদ মির।