২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনাবাহিনীর সমালোচনা, উপস্থাপনা থেকে সরানো হল হামিদ মিরকে

পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক হামিদ মিরকে তার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’এর উপস্থাপনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2021, 03:02 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কয়েকদিনের মধ্যে সোমবার মিরকে ওই দায়িত্ব থেকে সরানো হয় বলে জানিয়েছে বিবিসি।

সামরিক বাহিনীর বিরুদ্ধে গণমাধ্যমের ওপর খবরদারি ও সাংবাদিকদের নির্যাতনের অভিযোগ তিনি।

মির বিবিসিকে জানিয়েছেন, তার স্ত্রী ও কন্যাকেও হুমকি দেওয়া হয়েছে। 

পাকিস্তানে সাংবাদিকরা ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে পড়ছেন, সমালোচকরা এমনটি বললেও দেশটির সরকার তা অস্বীকার করেছে।

জিও নিউজে সম্প্রচারিত হামিদ মিরের অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’ পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক টক শো-গুলোর অন্যতম। জিও নিউজ দেশটির সর্ববৃহৎ মিডিয়া গোষ্ঠীর অংশ।

সোমবার বিবিসিকে তিনি জানান, চ্যানেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে তিনি আর অন এয়ারে যাচ্ছেন না। 

কেন মিরকে সাসপেন্ড করা হয়েছে এর কোনো কারণ জিও নিউজ উল্লেখ করেনি কিন্তু অভিজ্ঞ এই সাংবাদিক কিছু সময়ের জন্য সম্প্রচারের বাইরে থাকছেন বলে নিশ্চিত করেছে, জানিয়েছে বিবিসি। 

সামরিক বাহিনীর চাপেই চ্যানেলটি এমন পদক্ষেপ নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া উদ্ধৃতিতে জিও নিউজের অনামা একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে মিরের করা মন্তব্যের পর জি নিউজ এ পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন তিনি।

সামরিক বাহিনীর সমালোচক আরেকজন সাংবাদিক আসাদ আলী তূর নিজ বাড়িতে অজ্ঞাত তিন ব্যক্তি কর্তৃক আক্রান্ত হওয়ার পর এক প্রতিবাদ সমাবেশ বক্তব্য রেখেছিলেন হামিদ মির।

তুর জানিয়েছেন, ওই ব্যক্তিরা তাকে লাঞ্ছিত করেছে ও তার করা প্রতিবেদন নিয়ে তাকে হুমকি দিয়েছে।

সমাবেশে নিজের বক্তব্যে মির জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছিলেন, পাকিস্তানে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার জন্য দায়ীদের পরিচয় শনাক্ত করবেন তিনি।

তিনি বলেন, “আমাদের আক্রমণ করার জন্য যদি আপনারা আমাদের বাড়িতে জোর করে প্রবেশ করেন, ঠিক আছে, আমরা আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারবো না কারণ আপনাদের ট্যাঙ্ক ও বন্দুক আছে, কিন্তু আমরা অনেক কিছু জনসম্মুখে প্রকাশ করতে পারি, আপনাদের বাড়ির ভেতরের ঘটনাও।”   

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হামিদ মিরকে সরিয়ে দেওয়ার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তার বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হয়েছে অভিযোগ করে এতে ‘সংবাদ মাধ্যমের দায়বদ্ধতার গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে’ বলে মন্তব্য করেছে। 

‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’এর স্টিভেন বাটলার সতর্ক করে বলেছেন, এ ঘটনায় ‘পাকিস্তানে সংবাদপত্রের প্রকৃত স্বাধীনতার ঘাটতি আছে’ এটিই প্রতিপন্ন হচ্ছে।  

পাকিস্তানের মানবাধিকার কমিশনও হামিদ মিরকে কাজ থেকে বিরত রাখার ‘তীব্র নিন্দা’ জানিয়ে যত দ্রুত সম্ভব তাকে কাজে ফিরিয়ে নিয়ে তার বিরুদ্ধে হুমকির তদন্ত করা উচিৎ বলে মন্তব্য করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামিদ মির লেখেন, “এর আগেও আমি দুইবার ‘নিষিদ্ধ’ হয়েছি। দুইবার চাকরী হারিয়েছি। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেখান থেকে বেঁচে ফিরেছি। এসবের কিছুই আমাকে সাংবিধানিক অধিকার আদায়ের পক্ষে কথা বলা থেকে থামাতে পারেনি। এসব আমার কাছে নতুন না।”

২০১৪ সালে বালুচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে সমালোচনার পরে বন্দুক হামলার শিকার হয়েছিলেন হামিদ মির। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।