২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: দেড় মাসের মধ্যে ভারতে সর্বনিম্ন দৈনিক শনাক্ত

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে টানা দ্বিতীয় দিন দৈনিক শনাক্ত রোগী দুই লাখের কম। শনিবার দেশটিতে এক লাখ ৭৩ হাজার ৭৯০ জন নতুন রোগী শনাক্ত হয়। গত ৪৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2021, 01:09 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

এদিন সেখানে ৩,৬১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিন লাখ ২২ হাজার ৫১২ জন মারা গেছেন। মোট আক্রান্ত দুই কোটি ৭৭ লাখের বেশি।

এ বছরের শুরুর দিকে ভারতে কোভিড-১৯ পরিস্থিতির বেশ উন্নতি হয়েছিল। দৈনিক সংক্রমণও অনেকটা কমে এসেছিল। কিন্তু গত মার্চ থেকে দেশটিতে পুনরায় সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়। এপ্রিলে যেটা লাগামহীন অবস্থায় পৌঁছায়। ওই সময় সংক্রমণ এতটাই বেড়ে গিয়েছিল যে ভারতে টানা কয়েকদিন দৈনিক শনাক্তের একের পর এক বিশ্ব রেকর্ড হয়। ওই সময় সেখানে ‍টানা কয়েক দিন দৈনিক প্রায় সাড়ে চার লাখ ছুঁই ছুঁই নতুন রোগী শনাক্ত হচ্ছিল।

বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী দেশ ভারত। সেই ভারতেরই কোভিড-১৯ এর টিকার সংকট দেখা ‍দিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার থেকে বার বার বলা হচ্ছে, তারা এ বছরের মধ্যে পুরো দেশকে টিকার আওতায় আনবেন।

কোভিড: ভারত কী দ্বিতীয় ঢেউ পেরিয়ে এসেছে?  

শুক্রবার সরকার থেকে একই কথা বলা হয় বলে জানায় এনডিটিভি।

ওই দিন টেলিভিশনে এক ব্রিফিংয়ে ইউনিয়নমন্ত্রী প্রকাশ জাভাদেকর বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নীলনকশা দেওয়া হয়েছে। ১০৮ কোটি মানুষের জন্য ২১৬ কোটি ডোজ টিকা লাগবে..এ বছর ডিসেম্বরের মধ্যে পুরো দেশকে টিকার আওতায় আনা হবে।”

শুক্রবার ভারতে ২৮ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে বলেও জানায় সরকার। এখন পর্যন্ত দেশটিতে মোট ২০ কোটি ৮৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

দৈনিক সংক্রমণ কমতে থাকায় ভারতের রাজধানী দিল্লিতে জারি করা ‍নানা বিধিনিষেধ আগামী সোমবার থেকে তুলে নেওয়া শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত ১৯ এপ্রিল থেকে দিল্লি লকডাউন হয়ে আছে।