২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সংসদীয় কমিটির জেরার মুখে ফেইসবুক

রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং বিদ্বেষ ছাড়ানোর অভিযোগে সংসদীয় কমিটির জেরার মুখে পড়েছেন ফেইসবুকের ভারতীয় নির্বাহীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2020, 11:37 PM

Updated : 08 Apr 2022, 01:17 AM

বুধবার সংসদীয় এই স্থায়ী কমিটির বৈঠকে ওই সমস্ত অভিযোগের ভিত্তিতে জবাবদিহি চাইতে ফেইসবুকের ভারতীয় কর্তৃপক্ষকে সেখানে ডাকা হয়।

বিবিসি জানিয়েছে, ফেইসবুকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর অন্যতম হচ্ছে, ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থকদের প্রতি নমনীয় আচরণ করা।

উস্কানি এবং জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ঠেকাতে ভারতে আইন রয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে প্রায়ই এ আইন লঙ্ঘনের ‍অভিযোগ উঠে।

ক্ষমতাসীন বিজেপি’রও অবশ্য ফেইসবুক নিয়ে অভিযোগ আছে। তাদের অভিযোগ, ফেইসবুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একচোখা আচরণ করে।

ফেইসবুক কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগই অস্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সবচেয়ে বৃহৎ বাজার ভারত।

দেশটির ৩০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। তাছাড়া, দেশটিতে ফেইসবুকের ম্যাসেজিং প্ল্যাটফর্ম ‘হোয়াটসঅ্যাপ’ এর গ্রাহক সংখ্যা প্রায় ৪০ কোটি।

ফেসবুকের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে ভারতের যে সংসদীয় কমিটি জিজ্ঞাসাবাদ শুরু করেছে তার নেতৃত্বে আছেন কংগ্রেস এমপি শশী থারুর। কমিটিতে দেশটির সব দলের প্রতিনিধিরাই রয়েছেন।

ফেইসবুক নির্বাহীদের সঙ্গে কমিটির বুধবারের বৈঠকটি রুদ্ধদ্বার ছিল। ফলে এখন পর্যন্ত ওই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার বিস্তারিত জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

গতমাসে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে প্রথম ফেইসবুকের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়।

অথচ, ফেইসবুক কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে, তারা কখনওই তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদ্বেষ ছড়ানোর অনুমতি দেয় না।

বিবিসি’কে পাঠানো এক ইমেইলে ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, ‘‘আমরা বিদ্বেষমূলক বক্তৃতা এবং ছবি-ভিডিও যেগুলো নৃশংসতা উস্কে দিতে পারে সেগুলো প্রকাশে বাধা দেই। আমরা কারও রাজনৈতিক অবস্থান বা দলীয় সহযোগিতা বিবেচনায় না নিয়ে বিশ্বব্যাপী এ নীতি প্রয়োগ করি।”

ফেইসবুকের বিরুদ্ধে যত অভিযোগ:

ফেসবুকের বিরুদ্ধে ভারতে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য এবং অন্যান্য কনটেন্ট প্রকাশের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ফেইসবুক বিশেষ করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষে কাজ করছে। বিজেপি নেতাদের বিদ্বেষপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য তারা তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে না দিয়ে সেগুলো প্রচারের সুযোগ করে দিয়েছে।

এমনকী ওয়াল স্ট্রিট জার্নাল ফেইসবুকে একজন বিজেপি নেতার মুসলমান- বিরোধী পোস্ট নিয়ে প্রশ্ন তোলার পর ফেইসবুক কর্তৃপক্ষ সেগুলো মুছে দেয়। আরও তিনটি একাউন্ট থেকে একই ধরনের পোস্ট করা হয়েছে। যারা বিজেপি’র সমর্থক বলে জানা গেছে।

ভারতে ফেইসবুকের শীর্ষ পাবলিক পলিসি এক্সিকিউটিভ আঁখি দাস ওই পোস্টগুলো মুছে না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, ‘‘আঁখি দাস তার কর্মীদের বলেছিলেন, ‘বিদ্বেষ বিরোধী নীতি লঙ্ঘনের কারণে যদি মোদীর দলের রাজনীতিকদের শাস্তি দেওয়া হয় তবে ভারতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।”

আঁখি দাস বিজেপি এবং মোদীকে সমর্থন করেন বলেও অভিযোগ উঠেছে। ফেইসবুক কর্তৃপক্ষ এ সব অভিযোগই অস্বীকার করেছে।