২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রিত্ব অধরা, তবু রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র প্রণব

পাঁচ দশকের রাজনৈতিক জীবনে সামলেছেন ভারতের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়, পালন করেছেন অনেক গুরুদায়িত্ব, হয়েছেন রাষ্ট্রপতিও; কিন্ত চূড়ান্তভাবে প্রধানমন্ত্রীর পদটা রয়ে গিয়েছিল অধরাই। তবু রাজনীতিতে যেভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন সেটিও কম উজ্জ্বল নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 02:14 AM

Updated : 08 Apr 2022, 01:17 AM

বড়মাপের জননেতা না হয়েও এমনকী পারিবারিক কোনও ভিত্তি ছাড়াই বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে একের পর এক ধাপ পেরিয়ে কেবল পরিশ্রম আর আনুগত্যের জোরে তিনি পৌঁছেছিলেন ওই পদে।

কলেজ শিক্ষক ও সাংবাদিক প্রণবের তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা তেমন সমৃদ্ধ না হলেও ১৯৭৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কেন্দ্রের নানা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।

দশকের পর দশক ধরে কংগ্রেস পার্টির প্রতি বিশ্বস্ত থেকেছেন প্রণব। সরকারের সর্বোচ্চ পদটি তিনি কখনওই জেতেননি। তারপরও নিজের মনোমুগ্ধকর ব্যক্তিত্বের মাধ্যমে তিনি বিবাদমান দলগুলোকে একত্রিত করতে ছিলেন দারুণ দক্ষ।

কংগ্রেসের সামনের সারির এ নেতা পার্লামেন্টেই কাটিয়েছেন ৩৭ বছর। ভারতের ইতিহাসে কংগ্রেসই সবচেয়ে বেশি সময় দেশ শাসন করেছে, আর প্রণব মুখোপাধ্যায় পালন করেছেন সরকারের বাণিজ্য, প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 ১৯৬৯ সাল থেকে সংসদীয় রাজনীতিতে প্রণবের পথচলা শুরু। তার আগ্রহ ছিল রাজনীতিতে। শুরুতে বাংলা কংগ্রেসের হয়ে রাজনীতিতে সক্রিয় থাকলেও পরে তিনি কংগ্রেসের প্রতিনিধি হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন।

১৯৭৩ সালে প্রণব মুখোপাধ্যায় প্রথম ভারতের মন্ত্রিসভায় ঠাঁই পান। এর পরের কয়েকবছরে একে একে উপমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রীর মতো সব গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিয়ে প্রভাবশালী হয়ে উঠেছিলেন তিনি। পার্লামেন্ট আর সরকারের নানা দায়িত্ব সামলে ব্যস্ত সময় পার করেছেন।

ইন্দিরা গান্ধীর ছায়াতলে বেড়ে উঠেছিলেন প্রণব। ১৯৮০ সালে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি। কিন্তু ১৯৮৪ সালের নির্বাচনের পর রাজীব গান্ধীর আমলে দল থেকে বিতাড়িত হয়ে অস্তিত্ব সংকটে পড়েন। কিন্তু নিজের ব্যক্তিত্বের গুণে ধীরে ধরে তিনি আবারও কংগ্রেস পার্টি এবং গান্ধী পরিবারের আস্থাভাজনে পরিণত হন।

দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে ৯০’র দশক থেকে তিনি আবার ভারতের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হয়ে ওঠেন। ভারতীয় রাজনীতিতে বাঙালিদের মধ্যে যে ক’জন শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিলেন প্রণব ছিলেন তার মধ্যে অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র।

১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর নরসিংহ রাওয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠার পর থেকে প্রণবের পুনরুত্থান শুরু। এরপর বহুবছর সক্রিয় রাজনীতি করেছেন তিনি। তবে ওই দ্বিতীয় ক্ষমতাধর পর্যায়ে থেকেই। তার রাজনীতির এই ধারা দেখে অনেকে মনে করতেন, প্রণব এক নম্বর না হয়ে রাজনীতি করতেই হয়ত বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাবেক উপদেষ্টা সঞ্জয় বারুর কথায়, ‘‘সবাই বুঝতে পেরেছিলেন তিনি (প্রণব) অত্যন্ত চালাক। তাই তারা তাকে এক নম্বরে না রেখে বরং দুই নম্বরে রাখতেন।”

১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত কংগ্রেস ক্ষমতার বাইরে থাকায় প্রণব মুখোপাধ্যায়ও ছিলেন ক্ষমতা বলয়ের বাইরে। কিন্তু কংগ্রেসে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানেই ছিলেন। ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ক্ষমতায় আসার পরও প্রণব হয়ে উঠেছিলেন দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিত্ব।

৫ বার রাজ্যসভার সদস্য ও দুই বার লোকসভার সদস্য হওয়া প্রণবের নাম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় বারবার উঠলেও তা আর হয়ে ওঠেনি।

শেষশেষ ২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার পথ খোলে তার|ওই বছর পার্লামেন্ট থেকে পদত্যাগ করে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন প্রণব। সে সময় প্রায় সব দলের সমর্থন পেয়েছিলেন তিনি। যা তার ব্যাপক গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়। ভারতের রাজনীতিতে যেটি খুবই বিরল। 

রাষ্ট্রপতিত্বের এ অধ্যায়টা ছিল প্রণবের জন্য নতুন। কারণ, এ পদে ভারতে অনেকেই আসীন হলেও প্রণব মুখোপাধ্যায়ের মতো এমন একজন ক্ষমতাধর রাজনীতিককে এ পদে তেমন দেখা যায়নি। তাই রাষ্ট্রপতি পদে তিনি কেবল নিয়মতান্ত্রিকভাবে শীর্ষ পদাধিকারী ছিলেন না বরং প্রকৃতপক্ষেই ছিলেন দেশ ও রাজনীতির অভিভাবক।