২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে চতুর্থদফায় লকডাউন বাড়ল ৩১ মে পর্যন্ত

নতুন করোনাভাইরাস ঠেকাতে ভারতজুড়ে তৃতীয় দফার লকডাউন শেষের পর সোমবার থেকেই শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। এর মেয়াদ আরো ১৪ দিন, অর্থাৎ, ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 08:08 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

পুরনো খবর:

চতুর্থদফায় ভিন্নধর্মী লকডাউন হবে, জানালেন মোদী

লকডাউনের এ দফায় কোথায় কী বাধানিষেধ জারি থাকছে, কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এতে বলা হয়েছে মেট্রো, রেল ও বিমান পরিষেবা আপাতত বন্ধ থাকছে।

আন্তঃরাজ্য বাস চলাচলের বিষয়টি রাজ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, ও রেস্তরাঁও।

আনন্দবাজার পত্রিকা জানায়, নির্দেশিকায় একাধিক নতুন বাধানিষেধ জারি করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পযর্ন্ত ‘রাত্রিকালীন কারফিউ’ জারি করা হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

প্রয়োজনে ১৪৪ ধারা জারি করতে পারে স্থানীয় প্রশাসন। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকবে। খুব বেশি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনো নিষিদ্ধ থাকবে। ৬৫ বছরের বেশি বয়স্কদের, ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের এবং অন্তঃসত্ত্বাদেরও বাইরে বেরোনো নিষিদ্ধ করা হয়েছে।

মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং পঞ্জাবেও এরই মধ্যে ৩১ মে পর্যন্ত লকাডউনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতজুড়ে এখন পর্যন্ত অনেক কড়াকড়ির মধ্যে বেশকিছু অর্থনৈতিক কার্যকলাপে ছা়ড় দেওয়া হয়েছিল কম সংক্রামক এলাকাগুলোতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে লকডাউন বাড়ানোর ঘোষণা নিয়ে বলেছিলেন, “পুরোপুরি ভিন্নধর্মী  হবে এবারের লকডাউন।” তার কথায়, দীর্ঘ সময় ধরে করোনাভাইরাস থাকবে, কিন্তু জীবন থেমে থাকবে না। সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, আবার লক্ষ্য থেকেও বিচ্যূত হওয়া চলবে না।

সেই মার্চে ভারতে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের মেয়াদ বাড়ার সাথে সাথে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। রোববার ভারতজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ৯০ হাজার পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে রেকর্ড ৪ হাজার ৯৮৭ জন। সংক্রমণের হারের দিকে তাকিয়েই চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে।