ভারতে ট্রাক উল্টে ৫ শ্রমিক নিহত
ভারতের মধ্য প্রদেশে আম বহনকারী একটি ট্রাক উল্টে পাঁচ পরিযায়ী শ্রমিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে একটি গ্রামে ট্রাকটি উল্টে যায়, জানিয়েছে এনডিটিভি।
হায়দ্রাবাদ থেকে ২০ পরিযায়ী শ্রমিক ওই ট্রাকটিতে উঠেছিলেন। তারা মধ্যপ্রদেশের ঝাঁসি শহর ও উত্তর প্রদেশের একটি শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
ট্রাকটি নরসিংপুরের একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় উল্টে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন তারা।
আহতদের মধ্যে একজন শ্রমিকের কোভিড-১৯ এর লক্ষণ থাকায় হাসপাতালে ভর্তি সব শ্রমিকের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
মহারাষ্ট্রে রেললাইনের ওপর ঘুমিয়ে থাকা ২০ পরিযায়ী শ্রমিকের একটি দলের ১৬ জন মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ার দুই দিন পর অপঘাতে ভারতে আরও পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল।
করোনাভাইরাসের কারণে দেশজুড়ে জারি করা লকডাউনের মধ্যে নিজ রাজ্য ছেড়ে কাজের খোঁজে ভিন্ন রাজ্যে গমন করা ভারতের লাখ লাখ পরিযায়ী শ্রমিক, দিনমজুর সীমাহীন দুর্ভোগে পড়েছে। কাজ হারানোর পাশাপাশি নগদ অর্থ না থাকায় আশ্রয় হারিয়েছে তারা, প্রয়োজনীয় খাবারটুকুও জুটাতে পারছে না। এ পরিস্থিতিতে শত শত কিলোমিটার, কখনো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করছে তারা।
এমনটি করতে গিয়ে কখনো ক্ষুধা, তৃষ্ণা ও হাঁটার ক্লান্তিতে আবার কখনো দুর্ঘটনায় অনেক শ্রমিক প্রাণ হারাচ্ছেন।
মহারাষ্ট্রে ট্রেনের নিচে প্রাণ হারানো শ্রমিকরাও রাজ্যটির জালনা থেকে ১৫৭ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশ রাজ্যের ভুসাবলের নিজ এলাকার ফেরার চেষ্টা করছিলেন। রেললাইন ধরে হেঁটে গন্তব্যে পৌঁছানোর পথে ছিলেন তারা।
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তিতে একসময় রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েছিলেন। লকডাউনের মধ্যে ট্রেন আসবে না এমন ধারণাই ছিল তাদের।
ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলো আটকা পড়া পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ গন্তব্যে পাঠাতে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা উদ্যোগ নিলেও অনেক শ্রমিকই হেঁটে নিজ ঠিকানায় ফেরার চেষ্টা অব্যাহত রেখেছে, জানিয়েছে এনডিটিভি।
রোববার দুপুরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, ভারতে শনাক্ত হওয়া করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ছুঁই ছুঁই করছে এবং মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গিয়ে ২ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে।
