২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নারীদের হাতে দেবেন মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া ছাড়ছেন না। বরং আগামী ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে অ্যাকাউন্টগুলো নারীদের হাতে তুলে দেবেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 07:24 PM

Updated : 25 Jul 2022, 07:00 PM

গত সোমবার রাতে আচমকাই ভারতবাসীকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দেন মোদী। 

তিনি বলেছিলেন, ‘‘রোববার থেকে ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা ভাবছি। এ বিষয়ে পরে আপনাদেরকে জানাব।’’

তারপরই সোশ্যাল মিডিয়া থেকে মোদীর সরে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে টুইট করে নিজেই সে জল্পনা দূর করলেন প্রধানমন্ত্রী।

টুইটারে তিনি লিখেছেন, ‘‘এই নারী দিবসে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সেই সব নারীদের হাতে তুলে দেব, যাদের জীবন এবং কাজ আমাদের অনুপ্রাণিত করে। এতে লক্ষ লক্ষ মানুষের মনে প্রেরণা জাগাতে পারবেন তারা। আপনি কি সেইরকমই এক জন নারী? অথবা সেরকম কাউকে জানেন? তাহলে আমাদেরকে সেই লড়াইয়ের কাহিনী জানান।’’

#শিইন্সপায়ার্সআস হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রীর অ্যকাউন্ট থেকে পোস্ট করতে পারবেন নারীরা। প্রচারমূলক এ পোষ্টে ভিডিও তৈরি করে সমাজের সব ক্ষেত্রের নারীদের নিজের নিজের লড়াইয়ের কথা জানাতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহ ধরে এটি চালু থাকবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পুরনো খবর:

ভারতবাসীকে চমকে দিয়ে স্যোশাল মিডিয়া ছাড়ার ঘোষণা মোদীর