২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতবাসীকে চমকে দিয়ে স্যোশাল মিডিয়া ছাড়ার ঘোষণা মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকা স্যোশাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। আগামী ৮ মার্চ থেকেই তিনি স্যোশাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 11:03 PM

Updated : 25 Jul 2022, 07:00 PM

সোমবার রাতে খোদ একথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন সে ব্যাপারে খোলাসা করে কিছুই জানান নি তিনি।

নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বিশ্বে জনপ্রিয় মুখ। শুধুমাত্র ফেইসবুক পেজেই লাইকের সংখ্যার হিসাবে তার চেয়ে পিছিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো নেতাও। এনডিটিভি জানায়, ট্যুইটারে মোদীর অনুসারীর সংখ্যা ৫ কোটি ৩৩ লাখ, ফেইসবুকে ৪ কোটি ৪০ লাখ এবং ইনস্টাগ্রামে ৩ কোটি ৫২ লাখ।

২০১৪ লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসার পর থেকে দু’একবারই সাংবাদিক সম্মেলন করেছেন নরেন্দ্র মোদী। তা নিয়ে সমালোচনারও শিকার হয়েছেন তিনি।

তবে সোশ্যাল মিডিয়ায় মোদী তার সমর্থকদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে গর্ব করেন। এবার সেই স্যোশাল মিডিয়াই ছেড়ে দেওয়ার জল্পনা উস্কে দিলেন তিনি।

সোমবার মোদীর কার্যালয়ের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে করা ট্যুইটে বলা হয়েছে, “এই রোববার, ভাবছি ফেইসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব এর সব একাউন্টই ছেড়ে দেব। এ বিষয়ে বিস্তারিত পরে পোস্ট করে জানাব।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করেনি প্রধানমন্ত্রীর দপ্তর সংশ্লিষ্টরা। আগামী কয়েক দিনের মধ্যে পুরো বিষয়টি জানানো হবে বলে তারা জানিয়েছেন।

তবে ঘোষণাটি আসার পর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে সব মহলে। টুইটারেও প্রচুর কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে লোকজনের মধ্যে। ঘোষণাটির সঙ্গে নতুন কোনও চমক আছে কি না, তা নিয়েও অনেকে মন্তব্য করছেন।

ওদিকে, সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। মোদীর পোস্টের কিছুক্ষণের মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওই টুইট ট্যাগ করে লিখেছেন, ‘‘সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট নয়, ঘৃণা ছাড়ুন।’’