২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির দূষণ নিয়ে সরব সুপ্রিম কোর্ট, সরকারকে ভর্ৎসনা

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে এবার সরব হয়েছে সুপ্রিম কোর্ট। চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আদালত ভর্ৎসনা করেছে কেন্দ্র ও দিল্লি সরকারকেও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2019, 11:21 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

দিল্লির দমবন্ধ দশায় একে অপরকে দোষারোপ করা বন্ধ করে কাজ করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

দিল্লি ও কেন্দ্র সরকারকে ভর্ৎসনা করে আদালত বলেছে, তারা দূষণ মোকাবেলায় বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে বরং একে অপরের ওপর কেবল দায় চাপাচ্ছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘‘প্রতি বছর দিল্লির দমবন্ধ হচ্ছে এবং আমরা কিছুই করতে পারছি না। রাষ্ট্রযন্ত্র তৎপর হচ্ছে না... তারা কেবল একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। প্রত্যেকেই ভোট নিয়ে বেশি আগ্রহী।”

জানুয়ারির পর এই প্রথম দিল্লিতে দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। রোববার দিল্লির বাতাসে গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৬২৫।

একিউআই অনুযায়ী, ০ থেকে ৫০ ভাল। ৫১ থেকে ১০০ সন্তোষজনক। ১০১ থেকে ২০০ সাধারণ মানের। ২০১ থেকে ৩০০ খারাপ। ৩০১ থেকে ৪০০ খুব খারাপ। ৪০১ থেকে ৫০০ মারাত্মক খারাপ বলে ধরা হয়। সে হিসাবে বর্তমানে দিল্লিতে বায়ুদূষণ অতি বিপজ্জনক মাত্রাও ছাড়িয়ে গেছে।

রাজধানী গ্যাস চেম্বারে পরিণত হওয়ার জন্য পাশের দুই রাজ্য পঞ্জাব ও হরিয়ানাকেই দুষেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কৃষকদের ফসলের নাড়া পোড়াতে বাধ্য করছে ওই দুই রাজ্য সরকার। তার জেরেই দিল্লির এ শোচনীয় অবস্থা।

কেজরিওয়াল সরকার দূষণ মোকাবেলায় প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিলেও এর আগ পর্যন্ত একে অপরকে দোষাদুষিই চলছিল। দিল্লি সরকারের ওপর কোনো দায়িত্ব না রেখে সরাসরি কেন্দ্রীয় সরকারের ওপরই দোষ চাপাচ্ছিলেন কেজরিওয়াল।

এর পরিপ্রেক্ষিতেই এবার সেখানে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। দিল্লিতে দূষণের জন্য দায় কার- কেন্দ্রের না দিল্লি সরকারের সে বিতর্ক বন্ধ করে বিপর্যস্ত দিল্লির দিকে নজর দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য উভয়কেই পরামর্শ দিয়েছে আদালত।

আদালত বলছে, এ পরিস্থিতি যে সরকারের কারণেই হয়ে থাকুক তাতে আমাদের কিছু আসে যায় না। শিশু থেকে যুবক ও বৃদ্ধ, সবাই অসুস্থ হয়ে পড়ছে। কেন কৃষকরা খড় জ্বালাচ্ছে? এর জন্য জরিমানার বিধান থাকলেও সরকার তা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না?

প্রশ্ন তুলে আদালত আরো বলেছে, পাঞ্জাব, হরিয়ানায় কেন খড় জ্বালানো হচ্ছে? খড় জ্বালানোয় নিষেধাজ্ঞা রয়েছে। তাহলে দুই সরকার কী করছে? কী করছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম প্রধান? কারা পোড়াচ্ছে এই খড়?

আদালত জানায়, ‘‘আমরা এভাবে বসে থাকতে পারি না। আমাদের পদক্ষেপ নিতে হবে।''

পুরনো খবর:

দিল্লিতে ধোঁয়াশায় বিমান চলাচলে বিঘ্ন, পালাতে চাইছে মানুষ