২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ধোঁয়াশায় বিমান চলাচলে বিঘ্ন, পালাতে চাইছে মানুষ

এখনও বিষাক্ত ধোঁয়াশা গ্রাস করে রেখেছে ভারতের রাজধানী দিল্লিকে।বায়ুদূষণ অতি বিপজ্জনক মাত্রাও ছাড়িয়ে গেছে। ধোঁয়ার কারণে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। দিল্লি ছেড়ে পালাতে চাইছেন বাসিন্দাদের অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 07:32 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

চারপাশ ঘন ধোঁয়ার চাদরে ঢাকা পড়ায় রোববার সকালে রানওয়ে দেখতে না পাওয়ায় ৩২টি উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে দিক পরিবর্তন করে চলে গেছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে একাধিক ফ্লাইটও।

ধোঁয়াশার কারণে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ফলে সড়কে যান চলাচলও মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

এনডিটিভি জানায়, রোববার দিল্লির বাতাসে গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৬২৫। এ সূচক অনুযায়ী ০ থেকে ৫০ ভাল। ৫১ থেকে ১০০ সন্তোষজনক। ১০১ থেকে ২০০ সাধারণ মানের। ২০১ থেকে ৩০০ খারাপ। ৩০১ থেকে ৪০০ খুব খারাপ। ৪০১ থেকে ৫০০ মারাত্মক খারাপ বলে ধরা হয়।

ঘন ধোঁয়াশার কারণে দিল্লির বাসিন্দাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা বেড়ে গেছে। গত শুক্রবার থেকেই সেখানে সব স্কুল বন্ধ রয়েছে এবং স্থানীয় সরকার থেকে জনগণকে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূষণে প্রাণ ওষ্ঠাগত হওয়ায় ৪০ শতাংশ মানুষ দিল্লি এবং এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রেজিওন বা দিল্লি মহানগর অঞ্চল) পাকাপাকিভাবে ছেড়ে দিতে চাইছেন। 

অন্তত ১৬ শতাংশ বাসিন্দা চাইছেন এ ‘জরুরি অবস্থায়’ শহরের বাইরে থাকতে। সম্প্রতি এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

দিওয়ালি এবং তপরবর্তী সময়ে ১৭ হাজার মানুষের ওপরএ সমীক্ষা চালিয়েছে লোকাল সার্কেল নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম। তাতেই উঠে এসেছে এ তথ্য।

দিল্লির কিছু বাসিন্দা মাস্ক ব্যবহার করে এবং প্রয়োজনে গাছ লাগিয়ে সেখানে থাকতে চাইলেও দূষণের জেরে শিশুদের স্কুল বন্ধ, বাড়ি থেকে বেরোনোও বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় তারাও চাইছেন কিছুদিনের জন্য অন্য জায়গা থেকে ঘুরে আসতে।

কয়েকদিন ধরে লাগাতার দূষণ কবলিত দিল্লি শনিবার দুপুরে এমন পরিস্থিতিতে পৌঁছে যে, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। স্কুলগুলোর ছুটিও বাড়ানো।

চলমান পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল বলেন, “এই পরিস্থিতি আর সহ্য করা যাচ্ছে না। কোনো দোষ না করেও দিল্লির বাসিন্দাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

দিল্লির আশেপাশের এলাকাগুলোতেও বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। উত্তর প্রদেশের নদীয়া জেলায় সব স্কুল মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা করেছে স্থানীয় প্রশাসন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করে বলেন, এ সংকট সমাধানে কেন্দ্র থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। “আমরা কেন্দ্রের সব ধরণের উদ্যোগে সমর্থন জানাব।”

ভারতের সুপ্রিম কোর্ট সোমবার বায়ুদূষণ বিষয়ে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইপিসিএ) একটি প্রতিবেদন নেবে বলে জানায় এনডিটিভি।

দিল্লির বায়ুর মারাত্মক দূষণের দায় অবশ্য সেখানকার বাসিন্দাদের নয়। বরং রাজধানীর প্রতিবেশী রাজ্যগুলো এজন্য অনেকটা দায়ী।

ইপিসিএ থেকেও সুপ্রিম কোর্টের কাছে এনসিআর রাজ্যগুলোকে বায়ু দূষণ রোধে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।

মূলত দিল্লির আশেপাশের অঞ্চলের আবর্জনা পোড়ানোর ধোঁয়া, কলকারখানার বিষাক্ত ধোঁয়া এবং বিভিন্ন নির্মাণক্ষেত্র থেকে উড়ে আসা ধূলা মারাত্মক এ বায়ু দূষণের জন্য দায়ী।

পাঞ্জাব ও হরিয়ানায় এ সময় ফসলি জমি পরিষ্কার জন্য কৃষকরা জমিতে আগুন ধরিয়ে দেয়। ওই ধোঁয়াও বাতাসের সঙ্গে উড়ে দিল্লি এসে পৌঁছায়।

তাছাড়া, এবার ভারতে সদ্য হয়ে যাওয়া দিওয়ালি উৎসবে বাজি ফোটানোর কারণেও বিষাক্ত গ্যাসে দিল্লি এবং নয়ডার গড় একিউআই বেড়ে ৩০৬ ও ৩৫৬ -তে দাঁড়িয়েছিল। গত শুক্রবার রাজধানীতে তা ৫০০ ছাড়িয়ে যায়।

পুরনো খবর:

বায়ু দূষণে দিল্লির দমবন্ধ দশা, স্কুল বন্ধের নির্দেশ