২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাগ’ ধরায় মনিপুরি যুবককে পুরস্কার ফেইসবুকের

ব্যবহারকারীর গোপনীয়তা লংঘন করে- হোয়াটসঅ্যাপের এমন এক বাগ (ত্রুটি) শনাক্ত করায় ভারতের মনিপুরের এক যুবককে পুরস্কৃত করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2019, 04:30 PM

Updated : 08 Apr 2022, 04:17 PM

২২ বছর বয়সী সিভিল ইঞ্জিনিয়ার জোনেল সৌগাইজাম জানান, ফেইসবুক কর্তৃপক্ষ ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়ার পাশাপাশি তাকে প্রতিষ্ঠানটির চলতি বছরের ‘হল অব ফেমে’ও স্থান দিয়েছে।

সোশাল মিডিয়া জায়ান্টটির চলতি বছরের হল অব ফেমে ৯৪ জনের নাম আছে; সৌগাইজামের অবস্থান সেখানে ১৬তম বলে জানিয়েছে এনডিটিভি।

মনিপুরের এ যুবক জানান, তিনি যে ‘বাগটি’ ধরেছেন, তাতে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপের ভয়েস কলগুলো ভিডিও কলে রূপান্তরিত হয়ে যেত।

“ওই বাগ হোয়াটসঅ্যাপে ভয়েস কলের সময় ফোনদাতার চলমান কলটিকেই ভিডিও কলে পরিবর্তনের সুযোগ দিত; এ পরিবর্তনের বিষয়ে ফোনগ্রহীতা কিছু জানতেও পারতেন না, তার অনুমতিরও প্রয়োজন হতো না। ফোনদাতা সহজেই অপরজন কী করছে তা দেখার সুযোগ পেতেন; এটা ফোনগ্রহীতার ব্যক্তিগত গোপনীয়তার লংঘন,” বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এমনটাই বলেন সৌগাইজাম।

চলতি বছরের মার্চে ত্রুটিটি ধরতে পারার পরপরই তিনি ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কাজ করা ফেইসবুকের ‘বাগ বাউন্টি প্রোগ্রামকে’ বিষয়টি জানান।

সোশাল মিডিয়া জায়ান্টের নিরাপত্তা দল পরদিনই ওই অভিযোগ পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করে; ফেইসবুকের কারিগরি দল ১৫-২০ দিনের মধ্যেই ওই ত্রুটিটি সংশোধন করে।

“বিষয়টি পর্যালোচনা করে আমরা আপনাকে ৫ হাজার ডলার পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি,” সৌগাইজামকে পাঠানো এক ই-মেইলে এমনটাই জানায় ফেইসবুক।

মনিপুরি ওই যুবক চলতি মাসে ফেইসবুকের ‘হল অব ফেমে’ তার নাম দেখতে পান।

মার্ক জুকারবার্গের মালিকানাধীন ফেইসবুক ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এক হাজার নয়শ কোটি ডলারে মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছিল।