মমতা নিজের কবর নিজেই খুঁড়ছেন: অপর্ণা সেন
বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কবর নিজেই খুঁড়ছেন বলে মনে করেন পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন।
‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে বিতর্ক ক্রমশ বড় আকার ধারণ করছে। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলা ছবির ‘মেমসাহেব’ অপর্ণা।
এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজনীতিতে ধর্মীয় স্লোগানের ব্যবহার আমারও ভাল লাগে না। ধর্ম আর রাজনীতি গুলিয়ে ফেলা উচিত নয়। ধর্ম আর রাজনীতি গুলিয়ে ফেললেই সব ধরনের সমস্যা দেখা দেয়।”
এবারের নির্বাচনে বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন মমতা। তার যুক্তি, এটা ধর্ম নিরপেক্ষ স্লোগান নয় এবং তিনি সব সময় ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে চান।
জাতীয় নির্বাচনে বিজেপির বাঁধভাঙ্গা জয়ের পর পশ্চিমবঙ্গে দলটির সমর্থকরা মমতাকে দেখলেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছেন বলে জানায় এনডিটিভি।
এ বিষয়ে অপর্ণা বলেন, “স্লোগান দেয়ার অধিকার সবারই আছে। গণতন্ত্রে যে কেউ জয় শ্রী রাম, আল্লাহু আকবর বা জয় মা কালি বলার অধিকার রাখে। তবে মমতা যেভাবে গাড়ি থেকে বেরিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান আটকানোর চেষ্টা করছেন সেটা ঠিক না। তিনি অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন। এটা মেনে নেওয়া যায় না।”
মমতা বেশির ভাগ মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসেছেন এবং রাজ্যের উন্নতিতে অনেক কাজ করেছেন বলে মনে করেন অপর্ণা।
তিনি বলেন, “শ্যুটিংয়ের জন্য জায়গা দেখতে গিয়ে দেখেছি রাস্তার অবস্থা ভাল হয়েছে। মাওবাদীদের সমস্যা মিটেছে। এখন পাহাড়ে বেড়াতে যাওয়া যায়। এটা আগে সম্ভব ছিল না। কিন্তু তার সমস্ত আচরণ ঠিক নয়।”
মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, “ অনেক দিন ক্ষমতায় থাকতে গেলে ধৈর্য ধরতে হবে। যা মাথায় আসছে সেটাই বলে ফেলছেন- এই অভ্যাস বদল করুন। আপনার চারপাশে অমিত মিত্র বা সৌগত রায়ের মতো মানুষ আছে, তাদের সাহায্য নিন। দয়া করে কিছু বলার আগে তা নিয়ে ভাবার চেষ্টা করুন।”
“তার আচরণ রাজ্যের মানুষের খারাপ লেগেছে। এ ধরনের কাজ করে নিজের ভোটারদের তিনি নিজের বিপক্ষে নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজেই নিজের কবর খুঁড়ছেন।”
এর প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে অপর্ণা বলেন, “আগামী নির্বাচনে মমতাকে কঠিন লড়াইয়ে নামতে হবে। উচ্চবিত্তদের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকে গেছে। বিষয়টা নিয়ে আমি চিন্তিত। বিজেপি কাজ করবে না, তা নয়। প্রধানমন্ত্রী মোদী দেশের উন্নতিতে কাজ করবেন বলেই আমি বিশ্বাস করি। কিন্তু ওদের মৌলিক চিন্তা ভাবনা নিয়ে আমার আপত্তি আছে।
“ ওরা হিন্দুত্বকে আর জাতীয়তাবাদকে এক করে দেখে। এটা জাতীয়তাবাদের বীর সাভারকর মডেল। আমি এই ধারনায় আস্থাশীল নই। ভারতের মত দেশে এই ধারণা প্রযোজ্য হতে পারে না। এখানে গান্ধীবাদী চিন্তা ভাবনার প্রয়োজন আছে।”
ধর্মনিরপেক্ষ থেকে ভারতের মুসলমানদের নিয়েও ভাবতে হবে বলে মত অপর্ণার।
তিনি বলেন, “এখন ভারতে গান্ধী নেহরু আক্রমণের শিকার হচ্ছেন। এ অবস্থায় তরুণ প্রজন্মকে বুঝতে হবে দেশে অনেক ধরনের মানুষ আছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ দয়া করে মনে রাখবেন আপনি শুধু হিন্দুদের নন, সকলের প্রধানমন্ত্রী।”
