মমতাকে ‘জয় শ্রী রাম’ লেখা ১০ লাখ পোস্ট কার্ড পাঠাবে বিজেপি
পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়িয়েই চলছে লোকসভা নির্বাচনে রাজ্যটিতে ও ভারতজুড়ে অভাবনীয় ফল করা বিজেপি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস দলের প্রধান মমতাকে ‘জয় শ্রী রাম’ লেখা ’১০ লাখ পোস্ট কার্ড’ পাঠানো হবে বলে শনিবার দলটির সদ্য নির্বাচিত আইনপ্রণেতা অর্জুন সিং জানিয়েছেন।
এদিন ব্যারাকপুরে আসনের কাঁচড়াপাড়া এলাকার বিজেপির ‘জয় শ্রী রাম’ শ্লোগান নিয়ে ফের দুদলের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এখানে স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে দলটির নেতাদের বৈঠকের সময় কাছেই বিজেপি কর্মীরা জড়ো হয়ে ‘জয় শ্রী রাম’ শ্লোগান তোলে। এ সময় পুলিশ তাদের ওপর চড়াও হয়।
এরপর বৈঠক সেরে তৃণমূল নেতা রাজ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাপস রায়ের গাড়িবহর এলাকা ছাড়ার সময় তাদের বিজেপি কর্মীদের তোপের মুখে পড়তে হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ বিজেপির।
এ ঘটনার জেরে বিজেপি কর্মীরা কাঁচড়াপাড়া রেল স্টেশনে গিয়ে প্রায় ১৫ মিনিট রেল লাইন অবরোধ করে রাখে।
এর কিছুক্ষণ পর অর্জুন সিং মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় ‘জয় শ্রী রাম’ লেখা ১০ লাখ পোস্ট কার্ড পাঠানো হবে বলে জানান।
বার্তা সংস্থা পিটিআইয়ের দেওয়া উদ্ধৃতিতে তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রীর বাসভবনে ‘জয় শ্রী রাম’ লেখা ১০ লাখ পোস্ট কার্ড পাঠনোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
অর্জুন সিংও একসময় তৃণমূল নেতা ছিলেন। এবারের সাধারণ নির্বাচনের ঠিক আগে তিনি দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন।
পুলিশের সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, তৃণমূল নেতাদের বৈঠকস্থলের কাছে বিজেপির কর্মীরা জড়ো হয়ে শ্লোগান তুলতে শুরু করলে পুলিশ প্রথমে তাদের সরে যেতে বলে, কিন্তু পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হতে তারা লাঠি পেটা করতে বাধ্য হয়।
কাঁচড়াপাড়া পশ্চিম বঙ্গের বিজেপি নেতা মুকুল রায় ও তার ছেলে শুভ্রাংশু রায়ের ঘাঁটি। এরা দুজনেই একসময় তৃণমূলের নেতা ছিলেন, কিন্তু সম্প্রতি দল পাল্টে বিজেপিতে যোগ দিয়েছেন।
এর আগে ‘জয় শ্রী রাম’ শ্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা সঙ্গেও বিজেপি কর্মীদের বচসা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনের শেষ দিন থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কয়েকটি ঘটনায় মমতা বেশ কয়েকবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন।
