২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নন্দা দেবী জয় করতে গিয়ে নিখোঁজদের দেহের সন্ধান

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নন্দা দেবী জয় করতে গিয়ে নিখোঁজ আট পর্বতারোহীর মধ্যে উদ্ধারকারীরা পাঁচ জনের মৃতদেহের খোঁজ পেয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 10:39 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

পিথরাগড় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “চারটি মৃতদেহ একসঙ্গে রয়েছে। পঞ্চম মৃতদেহটি সেগুলো থেকে কিছুটা দূরে পড়ে আছে।”

উদ্ধারকর্মীরা আট পর্বতারোহীর সবাই মৃত ধরেই উদ্ধার কাজ চালাচ্ছে জানিয়ে বিজয় কুমার যোগদান্ডে বলেন, “বাকি তিনটি মৃতদেহও আশেপাশেই পাওয়া যাবে বলে আমরা ধারণা করছি।”

নিখোঁজ আরোহীদের মধ্যে চারজন যুক্তরাজ্যের, দুইজন যুক্তরাষ্ট্র এবং একজন অস্ট্রেলীয় ও একজন  ভারতের নাগরিক বলে জানায় বিবিসি।

যুক্তরাজ্যের অভিজ্ঞ পর্বতারোহী মার্টিন মোরানের নেতৃত্বে ওই দলটিতে তার দেশের তিন নাগরিক জন ম্যাকলারেন, রুপার্ট ওয়েওয়েল ও ইয়ার্ক ইউনিভার্সিটির লেকচারার ড. রিচার্ড পেন।

যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের নাম অ্যান্থনি সুদেকুম ও রোনাল্ড বেইমেল। অস্ট্রেলিয়ার রুথ ম্যাকচেন ও দলের ভারতীয় গাইড চেতন পান্ডে।

পর্বতারোহণ মৌসুমের একেবারে শেষপ্রান্তে এসে হিমালয়ের ভারতীয় অংশে ওই আট অভিযাত্রীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। নির্ধারিত সময়ে বেস ক্যাম্পে ফিরে না আসায় তাদের সন্ধানে গত শনিবার থেকেই উদ্ধার অভিযান শুরু হয়।

নিখোঁজ আরোহীরা ‘ব্যাপক তুষার ধসের মুখোমুখি হতে পারেন’ বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির উত্তরাখণ্ড রাজ্যের দুই সরকারি কর্মকর্তা।

মৃতদেহগুলো যেখানে দেখা গেছে সেখানে হেলিকপ্টার নামানো সম্ভব নয় বলে জানায় বিবিসি। উদ্ধারকর্মীরা অন্যভাবে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে।

গত ২৬ মের পর ওই অভিযাত্রীদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তার একদিন পরই পাহাড়ের ৭ হাজার ৮১৬ ফুট উচ্চতায় তুষারধস নামে।

অভিযাত্রীদের দলে থাকা আরো চার পর্বতারোহীকে রোববার উদ্ধার করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে আগেভাগেই বেস ক্যাম্পের পথে রওয়ানা হয়েছিলেন।

যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তারা হলেন, মার্ক টমাস (৪৪), ইয়ান ওয়াড (৪৫), কেট আর্মস্ট্রং (৩৯) এবং জাখারি কুইন (৩২)।

নন্দা দেবীর কাছে মুনসারি বেস ক্যাম্প থেকে রোববার ভোরে তাদের উদ্ধারের পর হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী উদ্ধারকর্মীরা কোথায় তল্লাশি অভিযান চালাবেন তা নির্দিষ্ট করতে সক্ষম হন।

উদ্ধারকারীদের একটি দল নন্দা দেবী বেস ক্যাম্পের দিকে রওয়ানা হয়েছে। তবে পর্বতারোহীদের মৃতদেহগুলো যেখানে আছে সেখানে পৌঁছাতে তাদের আরো প্রায় ৯০ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিতে হবে।

ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের মুখপাত্র বলেন, “এমন কি যদি আমরা হেলিকপ্টারে করেও কাউকে নামিয়ে দেই তারও সেখানে মানিয়ে নিতে ছয় থেকে আটদিন সময় লাগবে। তারপর হয়ত তিনি উদ্ধার অভিযান শুরু করতে পারবেন।”

নন্দা দেবী বিশ্বের উঁচু পর্বতশৃঙ্গগুলোর মধ্যে ২৩তম। ১৯৩৬ সালে প্রথম এটির উচ্চতা মাপা হয়।

কিন্তু হিমালয় অঞ্চলের যে কয়টি শৃঙ্গে আরোহণ করা সবচেয়ে বিপদজনক নন্দা দেবী তার অন্যতম। যে কারণে পর্বতারোহীদের ভিড় এখানে খুবই কম।

পুরনো খবর:

হিমালয়ে নিখোঁজ ৮ পর্বতারোহীর সন্ধানে ভারতের উদ্ধার অভিযান