এবার তৃণমূলের মুসলমান বিধায়ক বিজেপিতে
পশ্চিমবঙ্গে তৃণমূলের আরো একজন বিধায়ক ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন।
বীরভূম জেলার লাবপুর আসনের বিধায়ক তৃণমূল নেতা মুনিরুল ইসলাম বুধবার বিজেপিতে যোগ দেন বলে জানায় এনডিটিভি।
মাত্র একদিন আগেই তৃণমূলের দুই জন এবং সিপিএম’ এর একজন বিধায়ক ভারতের প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিতে যোগ দেন।
সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাঁধভাঙা জয় নিয়ে আবারও ভারতের ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ।
বিজেপি একাই ৩০৩টি আসনে জয়লাভ করে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
সাত দফা নির্বাচনের শেষ দফায় মোদী পশ্চিমবঙ্গে এসে ‘তৃণমূল নেতারা তার দলে যোগ দিতে পা বাড়িয়েই আছে’ বলেছিলেন।
নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরপরই মোদীর ওই কথা ফলতে শুরু করেছে।
তৃণমূলের বরখাস্ত হওয়া নেতা মুকুল রায়ের ছেলে সুভ্রাংশু রায়ের নেতৃত্বে মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়া দলটির আরেক বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য্য। এছাড়া, সিপিএম এর বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ও ওই দিন বিজেপিতে যোগ দেন।
শুধু বিধায়ক নয় বরং পশ্চিমবঙ্গের বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক শুরু হয়েছে।
মঙ্গলবার অর্ধশতাধিক পৌর কাউন্সিলর বিজেপিতে যোগ দেন, তাদের মধ্যে ১৬ জন তৃণমূলের।
বুধবার মুনিরুলের সঙ্গে মোহাম্মদ আসিফ ইকবাল ও নিমাই দাসসহ অন্য দলের কয়েকজন শীর্ষ নেতা বিজেপিতে যোগ দিয়েছেন।
তৃণমূল কংগ্রেসের আরো ছয় জনের বেশি বিধায়ক শিগগিরই বিজেপিতে যোগ দেবেন বলে এনডিটিভিকে জানান বিজেপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা। কয়েকজন সাবেক এমপিও তাদেরপথ অনুসরণ করবেন।
তিনি বলেন, “অনেক পৌর কাউন্সিলরও এই তালিকায় আছেন। শুধু দেখুন কী হয়। তৃণমূলের কুশাসনের বিরুদ্ধে লড়াই করতে তারা এটা করছেন। ”
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৮ আসনে। তৃণমূল কংগ্রেসের চেয়ে মাত্র চারটি আসন কম।
অথচ গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে মাত্র দুইটি আসন পেয়েছিল বিজেপি।
আগামী ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচন। ওই নির্বাচনে তৃণমূলকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে বিজেপি।
