২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফলছে মোদীর কথা, বিজেপিতে যাচ্ছেন তৃণমূল নেতারা

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বাভাস সত্যি হয়েছে। লোকসভা নির্বাচনের পর রাজ্য নেতারা দলে দলে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 06:35 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

এনডিটিভি জানায়, মঙ্গলবার বিজেপি’তে যোগ দেওয়া নেতাদের বেশির ভাগই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যারের দল তৃণমূল কংগ্রেসের।

তৃণমূল কংগ্রেস ত্যাগ করা নেতাদের মধ্যে দুইজন বিধায়কও রয়েছেন। তারা মমতার দল থেকে বরখাস্ত হওয়া মুকুল রায়ের ছেলে সুভ্রাংশু রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দেন।

ভারতের লোকসভা নির্বাচনের প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতার কথার লড়াই জমে উঠেছিল। নির্বাচনী প্রচারের পুরো সময় জুড়ে তারা একে অন্যের দিকে বাক্যবাণ ছুড়েছেন।

শেষ দফায় ভোটের আগে মোদী পশ্চিমবঙ্গে এসে মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, “রাজ্যের অন্তত ৪০ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা বিজেপিতে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে আছেন।

“নির্বাচনের পরই তা দেখতে পাবেন।”

গত ২৩ মে ভোটের ফলাফল প্রকাশ পায় এবং বিজেপি ৩০৩টি আসনে জয়লাভ করে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়।

পুরো দেশজুড়েই প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম ঘটেনি। এই রাজ্যে লোকসভার ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৮টিতে জিতেছে, যেখানে গত লোকসভা নির্বাচনে তারা মাত্র ২টি আসন পেয়েছিল।

লোকসভা নির্বাচনে মমতার ঘাড়ে নিঃশ্বাস ফেলা বিজেপি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতা ছাড়া করার প্রতিজ্ঞা করেছে।

পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থানের সবচেয়ে বড় কারিগর মুকুল রায়।

মুকুল রায়ের ছেলের নেতৃত্বে মঙ্গলবার যে কয়জন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের মধ্যে তৃণমূলের ১৬ জন পৌর কাউন্সিলর রয়েছেন বলে জানায় এনডিটিভি।

বিধায়ক রয়েছেন তিনজন। তারা হলেন: তৃণমূলের সুভ্রাংশু রায় ও তুষারকান্তি ভট্টাচার্য্য ও সিপিএম এর দেবেন্দ্র নাথ রায়।

রাজ্য বিজেপির শীর্ষ নেতা কৈলাশ বিজয়ভার্গিয়া বলেন, “যেভাবে পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন হয়েছে সেভাবে নেতারাও সাত দফায় বিজেপিতে যোগ দেবেন। আজ মাত্র প্রথম দফা হল।”

এক সময় মমতার ঘনিষ্ঠ সহযোগী মুকুল রায়কে ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল থেকে বরখাস্ত করা হয়।

ওই সময় ক্ষুব্ধ মুকুল বলেছিলেন, বিজেপি শিগগিরই রাজ্যের দখল নেবে।

তৃণমূল থেকে বরখাস্ত হওয়ার পর মুকুল বিজেপিতে যোগ দেন। তৃণমূলের আরো প্রায় ছয়জন প্রভাবশালী নেতা তার পদাঙ্ক অনুসরণ করেন।

তবে মুকুলের ছেলে সুভ্রাংশু তৃণমূলেই থেকে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগে তাকেও বরখাস্ত করা হয়।