ভারতে চতুর্থ দফায় ৬৪ শতাংশ ভোট পড়েছে, পশ্চিমবঙ্গে সংঘর্ষ
ভারতের জাতীয় নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। এই দফায় প্রায় ৬৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানায় নির্বাচন কমিশন।
এদিন পশ্চিমবঙ্গে বিশেষ করে আসানসোলের জেমুয়া রণক্ষেত্রে পরিণত হয়েছিল বলে জানায় আনন্দবাজার পত্রিকা।
ভোট শুরু হওয়ার আগেই বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিপেটা করে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ভোট গ্রহণ শুরু হয়।
আসানসোল আসনে তৃণমূল কংগ্রেস থেকে মুনমুন সেন এবং বিজেপির হয়ে বাবুল সুপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংঘর্ষের খবর পেয়ে বারাবনি বুথে প্রবেশের সময় বাবুল সুপ্রিয়র গাড়ি ভাংচুর করা হয়। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে তর্ক করার অভিযোগে তার বিরুদ্ধে একটি এফআইআরও করা হয়েছে।
তবে সংঘর্ষ হলেও পশ্চিমবঙ্গের আটটি আসনে ৭৬ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
সোমবার নয়টি রাজ্যে মোট ৭২টি আসনে ভোট গ্রহণ হয়; ভোটার ছিল ১২ কোটিরও বেশি।
এনডিটিভি জানায়, এর মধ্যে মহারাষ্ট্রের ১৭ টি আসনে, ১৩টি করে রাজস্থান ও উত্তর প্রদেশের, পশ্চিম বঙ্গের আটটি আসনে, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার ছয়টি করে আসনে, বিহারের পাঁচটি, ঝাড়খন্ডের তিনটি এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ আসনের একটি অংশে ভোট হয়েছে।
চতুর্থ দফার এ পর্বে ভারতের হিন্দিভাষী কেন্দ্রীয় অঞ্চলেই সবচেয়ে বেশি আসনে ভোট হয়।এই অঞ্চলে বড় জয় পেয়েই ২০১৪ নির্বাচনে বাজিমাত করেছিল বিজেপি। সেবার এই ৭২টি আসনের মধ্যে ৫৬টিতে জয় পেয়েছিল ভারতের ক্ষমতাসীন দলটি।
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ডিসেম্বরে অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে রাজস্থান ও মধ্যপ্রদেশে জয় পেয়েছিল কংগ্রেস। তাই বিজেপির জন্য এ পর্বের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ পর্বে ভারতের অর্থনৈতিক রাজধানী, ধনকুবের ও তারকাদের শহর মুম্বাইয়ে ভোট হয়েছে। এখানে কংগ্রেস ও তাদের মিত্র শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনপিসি) ছয়টি আসন বিজেপি-শিবসেনা জোটের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় আছে। আগের বার এ ছয়টি আসনের তিনটিতে সেনা ও তিনটিতে বিজেপি জিতেছিল।
মুম্বাই নর্থ আসনে কংগ্রেসের তারকা প্রার্থী উর্মিলা মাতন্ডকর বিজেপির সাংসদ গোপাল শেঠির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উত্তর প্রদেশের ১৩ট আসনে বিজেপির সঙ্গে এসপি-বিএসপি জোটের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ২০১৪ সালে এই ১৩টি আসনের ১২টিতেই জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থীরা। একটিতে জয়ী হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, যিনি এবারও কান্নুজের ওই আসনে প্রার্থী আছেন।
বিহারের পাঁচটি আসনের মধ্যে নজর কেড়েছে বেগুসরাই এর প্রতিন্দ্বন্দ্বিতা। এখানে সাবেক ছাত্র নেতা কানহাইয়া কুমার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে মাঠে নেমেছেন। সিপিআইয়ের প্রার্থী কুমারের নির্বাচনী প্রচারণা একইসঙ্গে আবেগ ও আক্রমণের ঝাঁঝে আকর্ষণীয় হয়ে উঠেছিল বলে পর্যবেক্ষকদের মত।
এ পর্যায়ের তারকা প্রার্থীদের মধ্যে কানহাইয়া কুমারের পাশাপাশি কংগ্রেসের উর্মিলা মাতন্ডকর ও সালমান খুরশিদ, তৃণমূলের মুনমুন সেন, বিজেপির বাবুল সুপ্রিয় উল্লেখযোগ্য।
মুনমুন সেন ও বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গের আসানসোল আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লোকাসভা নির্বাচনের এবারের পর্বের প্রার্থীদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি ফৌজদারি মামলা আছে; সবচেয়ে বেশি কোটিপতি ও সবচেয়ে বেশি নারী প্রার্থীও এ পর্বের ভোটে প্রতিদ্বিন্দ্বিতা করছেন।
১১ এপ্রিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিন দফায় লোকসভার ৩০২টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ পর্বের ৭২টির পর বাকি ১৬৮টি আসনের ভোট আরও তিন পর্বে গ্রহণ করা হবে। ১৯ মে সপ্তম পর্বের ভোট গ্রহণের মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম এ নির্বাচনী যজ্ঞটি শেষ হবে।
২৩ মে সব ভোট গণনা করে ওই দিনই ফল প্রকাশ করার কথা রয়েছে।
