২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকাদের ভোট

ভারতে চলছে ভোট উৎসব। বলিউডের তারকারাও ওই উৎসবে যোগ দিয়েছেন। জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার পর অমোচনীয় কালি লাগানো তর্জনীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার হিড়িক চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 09:01 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

পুরনো খবর:

ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট হচ্ছে

সোমবার ভারতের জাতীয় নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ হয়। এদিন মুম্বাইয়ের ছয়টি আসনের সবগুলোতে ভোট হয়।

শাহরুখ খান স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে আবরামকে নিয়ে মুম্বাই নর্থ সেন্টারে ভোট দেন।

মুম্বাই নর্থ আসনে এবার কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা উর্মিলা মাতন্ডকর।

তারকা অভিনেত্রী রেখা ও মাধুরী দিক্ষিত সকাল সকালই ভোট দিয়েছেন। ছেলে কোলে ভোট দিতে আসেন কারিনা কাপুর খান।

জুহুর একটি ভোট কেন্দ্রে ভোট দেন মাধুরী দিক্ষিত। তার টুইট, “বুদ্ধিমত্তার সঙ্গে ভোট দিন….ভোট আমাদের অধিকার, আসুন বুদ্ধি করে এর ব্যবহার করি। দেশের ভবিষ্যৎ আমাদের হাতে। আসুন নিজেদের দায়িত্ব পালন করি।”

 

ভোট দেওয়ার পর টুইটারে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, “প্রতিটি ভোট একটি আওয়াজ যেটা গণ্য হবে।”

স্ত্রী কিরণ রাওকে নিয়ে সকাল ১০টার আগেই বান্দ্রার সেইন্ট অ্যানস হাইস্কুল কেন্দ্রে ভোট দেন অভিনেতা আমির খান।

ভোট দেওয়ার পর তিনি বলেন, “এটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”

ইন্সটাগ্রামে অমোচনীয় কালি লাগানো তর্জনীর ছবি দিয়েছেন দীপিকা পাড়ুকন। তার স্বামী রণভীর সিংও ভোট দেওয়ার পর ছবি পোস্ট করেন।

বিকালে জুহুর একটি ভোট কেন্দ্রে স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে নিয়ে ভোট দেন অমিতাভ বচ্চন। অজয় দেবগন স্ত্রী কাজলকে নিয়ে ভোট দেন।

অভিনেতা বরুণ ধাওয়ান ভোট দেওয়ার ছবি টুইটারে পোস্ট করে লেখেন, “শান্ত থাকুন, ভোট দিতে যান।”

সালমান খান, বিদ্যা বালন, রণবীর কাপুরসহ অনেক তারকা বিকালে ভোট দেন।