২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ঝড়-বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু

ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মনিপুরসহ কয়েকটি স্থানে আগাম বৃষ্টি ও অসময়ের ধূলিঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 03:51 PM

Updated : 08 Apr 2022, 04:05 PM

মঙ্গলবার ধূলিঝড় ও বজ্রপাতে গুজরাটে ১০ জন, মধ্য প্রদেশে ১০ জন এবং রাজস্থানে পাঁচ জন নিহত হন বলে খবর এনডিটিভির।

গুজরাট সরকারের ত্রাণ বিভাগের পরিচালক জি বি মঙ্গলপারা বলেছেন, “উত্তর গুজরাটে যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই বজ্রপাতে ও গাছ পড়ে নিহত হয়েছেন।”  

ধূলিঝড়ের সময় উত্তর গুজরাটের হিমন্তনগর শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক জনসভার প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

রাজস্থানের ঝালাওয়াদ ও বারান জেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এসব মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদী। কর্তৃপক্ষ গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে এক টুইটে জানিয়েছেন তিনি।

নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 

মনিপুরে ব্যাপক বৃষ্টিপাত হলেও সেখানে কারো মৃত্যু হয়েছে কি না সে বিষয় প্রকাশিত প্রতিবেদনে কিছু বলা হয়নি।

বুধবার উত্তর গুজরাটের হিমন্তনগর, সুরেন্দ্রনগর ও আনন্দ-এ বিজেপি নেতা মোদীর জনসভা করার কথা রয়েছে। এর একদিন আগে গুজরাটের বিভিন্ন এলাকায় ব্যাপক একটি ধূলিঝড় আঘাত হানে।