এবার শুনানি সরাসরি সম্প্রচার করবে ভারতীয় সুপ্রিম কোর্ট
স্বচ্ছতা বাড়াতে এবং আদালতকক্ষে ভিড় কমাতে ভারতের সুপ্রিম কোর্ট কিছু কিছু মামলা সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এ ব্যবস্থা চালু করা হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তন-পরিবর্ধন করা হবে।
ভারতে আদালত কক্ষ জনসাধারণের জন্য উন্মুক্ত হলেও সেখানে ভিডিও রেকর্ডিং বা মামলার শুনানির সরাসরি সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
কিন্তু এবার জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মামলাগুলোর লাইভ টিভি সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে। লোকসভা ও রাজ্যসভার অধিবেশনের সরাসরি সম্প্রচার যেমনভাবে হয় এটিও করা হবে ঠিক সেভাবেই।
আদালতের ১০৬ পাতার নির্দেশে বলা হয়েছে, “জনগণের আগ্রহের কথা বিবেচনা করে আদালতের কার্যক্রম প্রকাশ্যে আনতে সরাসরি সম্প্রচারের এ ব্যবস্থা করা হচ্ছে।
“এতে আদালতের কাজকর্মের স্বচ্ছতার ব্যাপারে সাধারণ মানুষের বিশ্বাস বাড়াবে এবং সুশাসন ও জবাবদিহিতার উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়াবে। তার ওপর এ পদক্ষেপ আদালত কক্ষের দৃশ্য সবার সামনে নিয়ে আসবে।”
প্রথমে সাংবিধানিক ও জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ কিছু কিছু মামলা বাছাই করে আইনানুগভাবে সেগুলোর বিচার কাজ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
প্রাথমিকভাবে আদালত কক্ষের দৃশ্য আদালত প্রাঙ্গণের মধ্যেই কোথাও বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। পরে ইন্টারনেটেও এ ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে।
সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এ প্রকল্পের নিয়মকানুন তৈরি করতে বলেছে।
তবে যৌন নিপীড়ন বা শিশু নির্যাতনের মত সংবেদনশীল মামলাগুলো এ প্রকল্পের বাইরে রাখা হবে বলে জানান সরকারি আইনজীবী শ্রদ্ধা দেশমুখ।
