কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনৈতিক: নেপালের তদন্ত কমিশন
ইউএস-বাংলা দুর্ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই ‘অসম্পূর্ণ ও অপ্রকাশিত’ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নেপালের ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট ও অনলাইন নিউজ পোর্টাল ইকান্তিপুর যে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে, তাকে ‘অনৈতিক ও প্রতারণামূলক’ বলেছে নেপাল সরকারের অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন।
সোমবার কমিশনের সদস্য সচিব বুদ্ধি সাগর লামিচ্ছানে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঠমান্ডু পোস্ট ও ইকান্তিপুরে প্রকাশিত ওই প্রতিবেদন নিয়ে কমিশন ‘গভীরভাবে উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট’।
কাঠমান্ডু পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের পাইলট আবিদ সুলতান ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মারাত্মক মানসিক চাপ ও উদ্বেগের’ মধ্যে ছিলেন এবং ওই অবস্থায় তিনি একের পর এক যেসব ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছেন, তার পথ ধরেই গত মার্চে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিএস-২১১ বিধ্বস্ত হয়।
ঢাকা থেকে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে রওনা হয়ে গত ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুতে নামার সময় দুর্ঘটনায় পড়ে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১। আরোহীদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়, যাদের ২৭ জন ছিলেন বাংলাদেশি।
নেপালের অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিশনের কাজের মূল উদ্দেশ্য হল ওই দুর্ঘটনার সম্ভাব্য কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে চেষ্টা করা। সেই তদন্ত এখনও চলছে। কমিশন বিশ্বাস করে, দুর্ঘটনার তদন্ত ‘গণমাধ্যমের প্রপাগান্ডার’ বিষয় নয়।
“কমিশন এ ধরনের অনৈতিক ও প্রতারণামূলক সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের প্রতিবেদন সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মধ্যে ভুল ধারণা ও বিশ্বাসের জন্ম দেবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের তদন্ত প্রতিবেদন এখনও ‘অফিসিয়ালি’ সম্পন্ন হয়নি এবং তা প্রকাশও করা হয়নি। যখন প্রতিবেদনটি তৈরি হবে, নেপাল সরকারের নীতিমালা এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম মেনে তা প্রকাশ করা হবে।
“সংশ্লিষ্ট সবার প্রতি কমিশনের অনুরোধ, এরকম স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কেউ অনুমাননির্ভর ধারণার পেছনে ছুটবেন না, কেননা ওই ঘটনায় নেপাল এবং বন্ধুপ্রতিম দেশের নাগরিকদের প্রাণহানি ঘটেছে।”
এর আগে সোমবার ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে কোনো দুর্ঘটনার পর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার আগে এ ধরনের অসমর্থিত মতামত প্রকাশ কোনো গণমাধ্যমের কাছেই কাম্য নয়।
