২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেদিনীপুরে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণ, নিহত ১

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুরের একটি কার্যালয়ে প্রচণ্ড বিস্ফোরণে এক জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 02:12 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকের এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ঘটনাস্থল কোলকাতা থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমে বলে জানিয়েছে এনডিটিভি। 

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনাস্থল নারায়ণগড়ের মকরামপুরের ওই দলীয় কার্যালয়ে তৃণমূলের স্থানীয় শাখার নেতারা বৈঠক করছিলেন। যে ঘরে বৈঠক হচ্ছিল তার পাশেই রান্নাঘর। বৈঠক চলাকালে ওই রান্নাঘরেই বিস্ফোরণ ঘটে।  

 

বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরটিসহ ওই কার্যালয়ের অনেকটা অংশ ধসে পড়ে বলে জানিয়েছে পুলিশ। কার্যালয়টির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূলের কর্মী সুদীপ্ত ঘোষ ঘটনাস্থলেই নিহত হন।

বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে দাবি করেছেন তৃণমূলের স্থানীয় নেতা অজিত মাইতি।

অপরদিকে বিরোধীদের ধারণা, পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় তৎপরতা বাড়িয়েছিল তৃণমূল আর এ উপলক্ষে দলীয় কার্যালয়ে বোমা মজুত করেছিল ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীরা, কোনো কারণে বোমা ফেটে যায় আর তা থেকেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।