২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানের নির্দেশে খুন ভারতীয় সাংবাদিক সুজাত বুখারি’

শ্রীনগরে 'রাইজিং কাশ্মীর' পত্রিকার সম্পাদক এবং স্বনামধন্য ভারতীয় সাংবাদিক সুজাত বুখারিকে পাক জঙ্গিরা খুন করেছে এবং তাকে হত্যার নির্দেশও পাকিস্তান থেকেই দেওয়া হয়েছিল। বলছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 12:00 AM

Updated : 08 Apr 2022, 06:37 PM

বিবিসি জানায়, গত ১৪ জুন শ্রীনগরে অফিস থেকে বেরোনোর সময় বুখারিকে গুলি করে হত্যা করে আততায়ীরা।

পুলিশ বলছে, বুখারিকে হত্যার নির্দেশ পাকিস্তান থেকেই দেওয়া হয়েছিল। তার হত্যাকারীদের পরিচয়ও জানা গেছে। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার চার সন্দেভাজনকে পুলিশ সনাক্ত করেছে বলে জানিয়েছে।

লস্করের সদস্যরাই বুখারিকে খুন করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।

তবে লস্কর-ই-তৈয়বা খুনের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। অন্য কোনো গোষ্ঠীও এ হত্যার দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, এক সন্দেভাজন জঙ্গি এ বছর জানুয়ারীতে পুলিশ হেফাজত থেকে পালিয়েছিল। আর অন্য দুইজন হচ্ছে, ভারতীয় নাগরিক যারা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছিল।

বিবিসি উর্দুতে ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, আইনি সহায়তা চুক্তির আওতায় ভারত ও পাকিস্তান এ খুনের ঘটনা সংক্রান্ত তথ্যপ্রমাণ আদান-প্রদান করবে।