২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখের পানিতে শেষ বিদায় শ্রীদেবীর

ভারতের মুম্বাইয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হল বলিউড সুপারস্টার শ্রীদেবীর শেষকৃত্য। চোখের পানিতে ভক্তদের ভাসিয়ে চির বিদায় নিলেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 04:58 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

পুরনো খবর:

শ্রীদেবীর শেষকৃত্য বুধবার দুপুরে
শ্রীদেবীর চিরবিদায়

তাকে শেষ বিদায় জানাতে শুরু থেকে শেষ পর্যন্ত সেলিব্রেশন স্পোর্টস ক্লাব ও ভিলে পার্লে শ্মশানে ভিড় করেন অসংখ্য ভক্ত।

সোনালী পাড়ের লাল শাড়ি, লাল লিপস্টিক আর কপালে লাল টিপে- অপরূপ এক প্রতিমার সাজেই শেষ যাত্রায় যান শ্রীদেবী। অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানান শোকাহত ভক্তরা।

দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ ভারতে নেওয়ার পর বুধবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাখা হয়েছিল মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে।

এরপর দুপুর ২টা ২৬ মিনিটে তোপধ্বনির মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয়শ্রীদেবীর শবযাত্রা।ভারতের তিনরঙা পতাকায় মুড়ে ফুলে ঢাকা কফিন নিয়ে ট্রাক রওনা হয় ভিলে পার্ল সেবাসমাজ শ্মশানের দিকে।

সেখানেই সাড়ে ৩টার সময় শেষকৃত্য শুরু হওয়ার কথা ছিল। তবে পরে তা শুরু হয় সোয়া ৫টা নাগাদ। শ্মশানের বাইরে এ সময় ভিড় করেন পাঁচ হাজারের মত ভক্ত।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রয়াত এই চলচ্চিত্র তারকাকে শেষবার দেখতে ভোর থেকেই রাস্তায় ভিড় জমতে শুরু করেছিল। বেলা যত গড়িয়েছে ভিড় তত বেড়েছে।

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বলিউডের তারকারা। তাদের অনেকে স্মৃতিচারণ করেন। অনেকে প্রিয় নায়িকার সিনেমার গান গেয়ে শোনান।

আনন্দবাজার জানিয়েছে, শ্রীদেবীর শেষযাত্রায় সব কিছুই সাজানো হয়েছিল তার প্রিয় রঙ সাদায়। সবাইকে সাদা পোশাক পরেই শেষকৃত্যে আসার অনুরোধ করা হয়।

শ্রীদেবীর মরদেহে মুখাগ্নি করেন বনি কপূর। সঙ্গে ছিলেন শ্রীদেবী এবং বনির দুই মেয়ে জাহ্নবী এবং খুশি। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে একে একের শ্মশান চত্বর ছাড়েন বলি‌উড তারকারা। 

গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে আকস্মিক মৃত্যু হয় অভিনেত্রী শ্রীদেবীর। প্রথমে হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানালেও পরে ময়নাতদন্তে বেরিয়ে আসে বাথটাবে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রী। তিনি ছিলেন সেই বিরল অভিনেত্রীদের একজন, কোনো প্রতিষ্ঠিত নায়কের উপস্থিতি ছাড়াই যার সিনেমা বক্সঅফিসে ব্যবসাসফল হত।

চুয়ান্ন বছরের জীবনের ৫০ বছরেই চলচ্চিত্র অঙ্গনে কেটেছে কুশলী এই অভিনেত্রীর।  ভারতের বিভিন্ন ভাষার দেড় শতাধিক চলচ্চিত্র তিনি উপহার দিয়ে গেছেন, যার মধ্যে রয়েছে মিস্টার ইন্ডিয়া, লামহে, চাঁদনী, চালবাজ, নাগিনা ও সাদমার মতো তুমুল জনপ্রিয় চলচ্চিত্র।