২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে এসে হারলেন ইরম শর্মিলা

টানা ১৬ বছর অনশন করে আলোচিত মনিপুরের অধিকারকর্মী ইরম চানু শর্মিলা ভোটের ময়দানে সুবিধা করতে পারলেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 01:22 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

কয়েক মাস আগে অনশন ভেঙে নতুন দল গঠন করা ইরম শর্মিলা ভারতের বিধানসভা ভোটে মনিপুরের থউবাল আসনে দুইশ ভোটও পাননি বলে শনিবার দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই আসনে ১৫ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের তিনবারের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি। তার সঙ্গে লড়া বিজেপির লেইতানথেম বসন্ত সিং হয়েছেন দ্বিতীয়।

ইরম শর্মিলা খুরাইয়ে আরেকটি আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে তার ফল এখনও জানা যায়নি।

২০০০ সালে আসাম রাইফেলসের সদস‌্যদের গুলিতে মনিপুরে এক বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শিশুসহ দশজন নিহত হলে শর্মিলার প্রতিবাদের সূচনা হয়। মনিপুর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফম্পা প্রত্যাহারের দাবিতে ১ নভেম্বর শুরু হয় তার অনশন।

ওই আইনে উগ্রপন্থিদের নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে প্রায় সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। যখন যেখানে খুশি হানা দেওয়া, তল্লাশি চালানো, শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে যে কাউকে গ্রেপ্তার করা এমনকি প্রয়োজনে গুলি চালানোর ক্ষমতাও সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে এ আইনে।

অনশন শুরুর দুদিনের মাথায় গ্রেপ্তার করা হয় ২৭ বছর বয়সী শর্মিলাকে। অনশন করে আত্মহত্যার চেষ্টা করেছেন, এই ছিল তার বিরুদ্ধে অভিযোগ।

Image
ইরম চানু শর্মিলা। ছবি: রয়টার্স

ইরম চানু শর্মিলা। ছবি: রয়টার্স

কিছুদিন পরে শারীরিক অবস্থার অবনতি হলে সরকারের নির্দেশে নাকে নল ঢুকিয়ে শর্মিলাকে তরল খাবার দেওয়া শুরু হয়। ১৪ বছর একটি সরকারি হাসপাতালে আটকে রেখে ওইভাবে তাকে খাবার নিতে বাধ্য করা হয়। ২০১৪ সালে আদালত তার নাকের নল খুলে ফেলার নির্দেশ দেয়।

ওই বছর ভারতের জাতীয় নির্বাচনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল শর্মিলাকে তার দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই প্রস্তাব ফিরিয়ে দেন শর্মিলা।

গত বছরের অগাস্টে অনশন ভেঙে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন শর্মিলা। এরপর পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স পার্টি গঠন করে থউবাল এবং খুরাইয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

পুরনো খবর:

অনশন ভেঙে রাজনীতিতে আসছেন ইরম শর্মিলা