২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোট বদলাতে ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে মৃত্যু

ভারতের কেরেলায় অচল ঘোষিত রুপির নোট বদলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকাকালে একজনের মৃত্যু হয়েছে। অন্য আরেকজন ব্যাংক ভবন থেকে পড়ে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 09:41 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

হঠাৎ করে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণার পর ভারতজুড়ে ব্যাংকগুলোর সমানে নোট বদলের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

এনডিটিভি জানায়, শুক্রবার আলাপ্পুঝা শহরে বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি স্টেট ব্যাংক অব ত্রাভানকোর এর লাইনে দাঁড়িয়ে থাকার সময় মৃত্যুমুখে ঢলে পড়েন।

স্থানীয় পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তি প্রায় ৪৫ মিনিট লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার থালাসসেরি শহরে একটি ব্যাংক ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে উন্নি নামে ৪৮ বছর বয়সী একজন মারা যান।

পুলিশ জানায়, মৃত উন্নি রাজ্যের বিদ্যুৎ বিভাগে কাজ করতেন। মারা যাওয়ার আগে তিনি চার লাখ রুপি ব্যাংকে জমা দেন।

উন্নি দুর্ঘটনাবশত পড়ে মারা গেছেন না কী আত্মহত্যা করেছেন পুলিশ তা তদন্ত করে দেখেছে বলে জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিভিশনে এক ভাষণে রুপির বড় এই দুটি নোট বাতিলের এবং নতুন ৫০০ ও ২০০০ রুপির নোট বাজারে ছাড়ার ঘোষণা দেন।

তার পরপরই  ভারত জুড়ে ব্যাংক ও এটিএম বুথগুলোর সামনে পুরনো নোট জমা ও নতুন নোট তোলার দীর্ঘ লাইন দেখা দেয়।

যদিও কেরেলা রাজ্য জুড়ে শুক্রবার সকালেও বেশিরভাগ এটিএম বুথ অকার্যকর অবস্থায় পড়ে আছে।

শুক্রবার ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করে বলা হয়, তাদের হাতে ‘প্রচুর নগদ অর্থ’ রয়েছে এবং সেগুলো বিভিন্ন নগরে পাঠানো হয়েছে।

যেসব এটিএম বুথ এখনও কাজ করছে না সেগুলোও দ্রুত ঠিক করা হবে।

তবে বুথ থেকে এক দিনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই হাজার রুপি তুলতে পারবেন বলে আবারও জানিয়েছেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আগামী সপ্তাহে এই পরিমাণ দ্বিগুণ এবং পরে আরও বাড়ানো হতে  বলেও জানান তারা।

 এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত জনগণ বাতিল ঘোষিত নোট ব্যাংক অথবা পোস্ট অফিসে জমা করতে পারবে।

এছাড়া এখন সর্বোচ্চ চার হাজার রুপি পরিবর্তন করতে পারবে এবং ব্যাংক থেকে এক ব্যক্তি একবারে সর্বোচ্চ ১০ হাজার রুপি ও সপ্তাহে সর্বোচ্চ ২০ হাজার রুপি তুলতে পারবে।

পুরনো খবর:

বাংলাদেশে থাকা ১০০০-৫০০ রুপির নোট এখন মূল‌্যহীন
রুপির বড় নোট বাতিল: বিপাকে বাংলাদেশি রোগীরা