মুম্বাইয়ের কারাগারে দাউদ মার্চেন্ট
ঢাকা কারাগার থেকে মুক্তি পাওয়ার পাঁচ দিন পর ভারতের গুলশান কুমার হত্যা মামলার দণ্ডিত আসামি আবদুল রউফ মার্চেন্ট ওরফে দাউদ মার্চেন্টের ঠাঁই হয়েছে মুম্বাইয়ের কারাগারে।
মুম্বাই হাই কোর্টের নির্দেশে পুলিশ শুক্রবার দাউদ মার্চেন্টকে দায়রা আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইন্টারপোলের মধ্যস্থতায় দুই দেশের সরকারের ঘনিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে দাউদ ইব্রাহিমের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
তবে এ বিষয়ে ভারতের সরকারি ভাষ্য ভিন্ন। বাংলাদেশ সরকারও বিষয়টি স্পষ্ট করেনি।
ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফের হাতে আটক হন এই ফেরারি আসামি। তারপর তাকে পুলিশের মাধ্যমে আদালতে তোলা হয়।
মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার সঞ্জয় সাক্সেনাকে উদ্ধৃত করে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বুধবার মেঘালয় সীমান্তে বিএসএফের কাছ থেকে দাউদ মার্চেন্টকে বুঝে পায় পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়।
“ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে দেখা যায়, সে গুলশান কুমার হত্যায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এরপর তাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মুম্বাই হাই কোর্ট তোলা হলে আদালত দাউদ মার্চেন্টকে দায়রা আদালতে হাজির করার নির্দেশ দেয়।”
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, হাই কোর্টের নির্দেশনা অনুসারে দাউদ মার্চেন্টকে শুক্রবার মুম্বাইয়ের দায়রা আদালতে তোলা হলে বিচারক তাকে আর্থার রোড জেলে পাঠানোর নির্দেশ দেন।
দুবাইয়ে থাকা ভারতীয় ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত দাউদ মার্চেন্টকে গত রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। সাংবাদিকরা সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে হস্তান্তরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
মুম্বাইয়ের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মালিক গুলশান কুমারকে ১৯৯৭ সালের ১২ অগাস্ট আন্ধেরি এলাকার একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় সন্দেহভাজন ভাড়াটে খুনি দাউদ মার্চেন্টকে গ্রেপ্তারের পর ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ভারতীয় আদালত। এরপর সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন দাউদ।
কিন্তু ২০০৯ সালে ১৪ দিনের প্যারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান তিনি। ওই বছরের ২৮ মে ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। এরপর জাল পাসপোর্ট তৈরি ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দাউদ অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছিলেন। ভারতের অপরাধ জগতের আলোচিত ডন দাউদ ইব্রাহিম বাংলাদেশে নিজের কর্মকাণ্ড বিস্তারের জন্য দাউদ মার্চেন্টকে এ দেশে পাঠিয়েছেন।
২০১৪ সালের ডিসেম্বরে দাউদ জামিন পেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পরপরই তাকে আবার আটক করে পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার দেখিয়ে ফের কারাগারে পাঠানো হয়।
এরপর বিভিন্ন সময়ে দাউদকে ফিরিয়ে নেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে আলোচনা তোলা হলেও বিষয়টি দীর্ঘদিন আটকে থাকে। শেষ পর্যন্ত চলতি বছরের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাউদ মার্চেন্টকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা স্বীকার করেন।
উলফা নেতা অনুপ চেটিয়ার বদলে সাত খুনের আসামি নূর হোসেনকে ফেরানোর মত দাউদ মার্চেন্টকে ফেরত দিয়ে ভারতের কারাগারে বন্দি বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে ফেরানো হচ্ছে বলে সে সময় জোর গুঞ্জন ছিল। তবে দাউদের বদলে বাংলাদেশ কাউকে ফেরত পাচ্ছে কি না- সে প্রশ্ন কৌশলে এড়িয়ে গিয়েছিলেন মন্ত্রী।
ভারত ও বাংলাদেশের কয়েকটি সংবাদপত্রের খবরে সে সময় বলা হয়, গতবছর নভেম্বরে ঢাকায় বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আসামি প্রত্যর্পণ নিয়ে আলোচনার পরই দাউদ মার্চেন্টের অভিযোগ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ।
গত বছর ৯ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ৫৪ ধারার অভিযোগ থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করে, যা আদালতের অনুমোদন গত ৩ নভেম্বর। সেই কাগজপত্র কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে মুক্তি পান দাউদ মার্চেন্ট।
কারাগারের নিরাপত্তা সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, দাউদ মার্চেন্টকে যখন কারাগার থেকে ছাড়া হয়, সে সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা ছিলেন।
তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “মুক্ত ব্যক্তি, সে ভারতে যাবে না বাংলাদেশে থাকবে এটা তার ব্যাপার। কিন্তু আমরা কেউ তাকে পুশব্যাক বা পুশ ইন করার সহযোগিতা করিনি।”
নাম প্রকাশ না করে ভারতীয় পুলিশের এক কর্মকর্তার বরাতে হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, বাংলাদেশ সরকারের কাছ থেকে খবর পেয়ে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের চারজন কর্মকর্তা পশ্চিমবঙ্গে যান কয়েকদিন আগে। দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে দিন ও স্থান গোপন রেখে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
গুলশান কুমার হত্যা মামলা ছাড়াও হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে দাউদ মার্চেন্টের বিরুদ্ধে দশটি মামলা রয়েছে বলে জানানো হয় হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে।
