‘পাকিস্তানে পরিবেশ উপযোগী গণতন্ত্র না থাকায় সেনাশাসন’
পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা দেশটির পরিবেশের উপযোগী করে গড়ে ওঠেনি বলেই প্রায় সময়ে সেনাবাহিনীকে রাষ্ট্র পরিচালনার সামনের সারিতে এসে ভূমিকা রাখতে হয় বলে দাবি করেছেন সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ।
ওয়াশিংটন আইডিয়াস ফোরামে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে করা এক প্রতিবেদনে সাবেক পাকিস্তানি জেনারেলের এই মন্তব্যের কথা জানায় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি।
এতে পাকিস্তানি সেনাবাহিনীর রাজনীতিতে আসা ঠেকাতে দেশের সমাজ ব্যবস্থার উপযোগী রাজনীতিক কাঠামো পুনর্গঠন করার কথাও বলেন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর প্রায় এক দশক পাকিস্তান শাসন করা মুশাররফ।
মুশাররফ বলছেন, পাকিস্তানের ‘সহজাত দুর্বলতা’ হচ্ছে যে দেশটির গণতন্ত্র সেটির পরিবেশকে নির্দেশনা দেওয়ার মতো করে গড়ে ওঠেনি।
“সেখানে (পাকিস্তানের গণতন্ত্রে) কোনো ভারসাম্য নেই। সংবিধান সেই ভারসাম্য দেয় না। এর ফলে সামরিক বাহিনী গণতান্ত্রিক পরিবেশে লাগাম টানতে বাধ্য হয়, বিশেষত যখন শাসনকার্যে বিশৃঙ্খলা চলে এবং পাকিস্তানের সব আর্থসামাজিক সূচকগুলো নামতে থাকে।”
এমন পরিস্থিতিতে পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে দেশটির সেনাপ্রধানের কাছে ছুটে যায় দাবি করে সাবেক এই সেনাশাসক বলেন, “এভাবেই সেনাবাহিনী (ক্ষমতায়) জড়িয়ে পড়ে। পাকিস্তানের জনগণ সেনাবাহিনীকে ভালোবাসে এবং তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে।”
পাকিস্তানের স্বাধীনতার পর থেকে দেশটির সেনাবাহিনী সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও মন্তব্য করেন ১৯৯৯ সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করা মুশাররফ।
তিনি বলেন, “মূলত তথাকথিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোর বিশৃঙ্খল শাসনকার্যের কারণে দেশ পরিচালনায় সেনাবাহিনী অগ্রবর্তী ভূমিকা পালন করেছে।”
পাকিস্তানকে নির্দেশনা দেওয়ার মতো করে দেশটির রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করা হলে এমন পরিস্থিতি থেকে বের হয়ে আসা যেতে পারে বলে মনে করেন বর্তমানে দেশের বাইরে বসবাস করা সাবেক এই সেনা শাসক।
“আমাদের হয়ত ভারসাম্য এনে, পাকিস্তানকে নির্দেশনা দেওয়ার মতো করে দেশের রাজনীতিক কাঠামো পুনর্গঠন করতে হতে পারে, যাতে শাসন কাজে বিশৃঙ্খলা জায়গা করে নিতে না পারে এবং সেনাবাহিনী রাজনীতিতে আসতে না পারে।”
প্রায় এক দশক দেশ শাসন করা পারভেজ মুশাররফ ২০০৮ সালে ক্ষমতা ছাড়ার পর স্বেচ্ছা নির্বাসনে যান। চার বছর লন্ডন ও দুবাইয়ে কাটিয়ে ২০১৩ সালে নির্বাচনের আগে দেশে ফিরে বেশ কয়েকটি মামলার মুখে পড়েন তিনি।
তবে অযোগ্য ঘোষিত হয়ে নির্বাচনে অংশ নিতে না পারা এবং ক্ষমতায় থাকাকালে বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা আকবার বাগতি হত্যাকাণ্ড ও সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলায় বিচার শুরুর পর ফের দেশ ছাড়েন সাবেক এই সেনাশাসক।
সাক্ষাৎকারে আবারও দেশে ফেরার পরিকল্পনা রয়েছে জানিয়ে পারভেজ মুশাররফ বলেন, “আমি জানি বিচার প্রক্রিয়ার পুরোটাই রাজনৈতিক। এটার মুখোমুখি হতে হবে। ঝুঁকি ছাড়া প্রাপ্তি নেই, যা তারা বলে।”
পাকিস্তানে সরকার যথাযথভাবে (বিচার) কার্যক্রম চালালে ফের দেশ ছাড়তেন না বলেও মন্তব্য করেন ২০১৩ সালের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া সাবেক সেনাশাসক মুশাররফ।
“দেশে ফিরে যাব এবং শাসনভার নেব এরকম কোনো উচ্চাশাই আমার নেই। আমি চাই জনগণ ভালোভাবে পাকিস্তান চালাক, কারণ পাকিস্তান আমার গর্ব।”
