দিল্লির রাস্তায় উপর্যুপরি ছুরিকাঘাতে তরুণী খুন
ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। এক তরুণীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক।
রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায় হত্যার পুরো দৃশ্য ধরা পড়েছে।
পুলিশ জানায়, নিহত তরুণীর নাম করুণা। মঙ্গলবার সকাল নয়টার দিকে উত্তর দিল্লির বুরারি এলাকায় এ ঘটনা ঘটে। তরুণীকে ২০ বারের বেশি ছুরি দিয়ে কোপানো হয়েছে।
হামলাকারীর নাম সুরেন্দর সিং। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইশা পান্ডে বিবিসি’কে বলেন, নিহত তরুণী তার এক আত্মীয়র সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় মটোরসাইকেল আরোহী এক ব্যক্তি ছুরি হাতে তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে উপুর্যপুরি ছুরি মারে।
“খুব সম্ভবত প্রতিবেশী থাকার সময় করুণাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুরেন্দর সিং। কিন্তু সুরেন্দর বিবাহিত হওয়ায় করুণা তাকে প্রত্যাখান করে।”
নিহতের ভাইয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, হামলাকারী এর আগে করুণাকে নিপীড়ন করে। পাঁচ মাস আগে করুণার পরিবার সুরেন্দরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে।
এর আগে পুলিশের ডেপুটি কমিশনার মাধুর বর্মা সাংবাদিকদের বলেন, “চার-পাঁচ মাস আগে করুণার পরিবার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিল। কিন্তু উভয় পরিবার পরে আপস মীমাংসা করে।”
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি এক তরুণীকে ক্রমাগত ছুরি মেরে যাচ্ছে। এক পর্যায়ে তরুণীটি রাস্তায় পড়ে গেলেও সে ছুরি মারতে থাকে। ঘটনার সময় পাশ দিয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে চলে যেতে দেখা যায়। মাত্র দুইজন তরুণীকে সাহায্যের জন্য গেলেও হামলাকারীর হুমকিতে তারা সরে পড়ে। হামলাকারী এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে থাকা তরুণীর মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং লাথি মারে।
বিবিসি’র খবরে বলা হয়, হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
মনিশ কুমার নামের একজন অটোরিকশায় করে তরুণীটিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মনিশ বলেন, “আমি দৌড়ে ওই মেয়েটিকে সাহায্য করতে যাই। আমি দুইবার পুলিশকে ফোন করলেও পুলিশ আসেনি। এরপর আমি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করি এবং কেউই সাহায্যের জন্য আসেনি।”
এ ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগে দিল্লির ইন্দরপুরি এলাকায় ৩২ বছর বয়সী বিবাহিত এক নারীকে এক ব্যক্তি জনসম্মুখে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করে।
