২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টায় কেউ আসেনি বাঁচাতে

ভারতের রাজধানী দিল্লিতে একটি কভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দেড় ঘণ্টা রাস্তার পাশে পড়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 07:03 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

এ ঘটনায় অভিযুক্ত ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে দিল্লির সুভাষ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি রাতের পালায় কাজ শেষে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। তার নাম মকবুল বলে জানা গেছে। তিনি নৈশপ্রহরীর কাজ করতেন।

সড়কে নিরাপত্তা কাজে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার পুরো চিত্র ধরা পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মকবুল সড়ক ধরে হেঁটে আসছিলেন। এমন সময় পণ্য সরবরাহ কাজে ব্যবহৃত একটি ভ্যান তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের পাশে পড়েন।

সঙ্গে সঙ্গে ভ্যান থামিয়ে চালক বাইরে বেরিয়ে আসে এবং দুর্ঘটনার শিকার ব্যক্তির দিকে কয়েক পা এগিয়ে যায়। এরপর সে ঘুরে আবার ভ্যান নিয়ে চলে যায়।

এ সময় পাশ দিয়ে কয়েকটি গাড়ি এবং মটোরসাইকেল চলে যেতে দেখা যায়। এক সাইকেল চালক আহত ব্যক্তির খুব কাছ দিয়ে নির্বিকার ভঙ্গিতে চলে যান।

দুর্ঘটনার প্রায় আধাঘণ্টা পর এক রিকশা চালককে মকবুলের দিকে এগিয়ে আসতে দেখা যায়। কিন্তু সে রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত ব্যক্তির দিকে না গিয়ে আরেকটু সামনে গিয়ে পড়ে থাকা মোবাইল ফোন তুলে নিয়ে চলে যায়।

প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার মকবুলকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে মকবুলের জীবন প্রদীপ নিভে গেছে।    

পুলিশ জানায়, অভিযুক্ত ভ্যান চালক রাজেশ কুমার গুপ্তা (২৫) ভারতের দুগ্ধপণ্যের একটি নামী ব্রান্ডের সরবরাহকর্মী। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মোবাইল চুরি করা রিকশা চালককেও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় ভারতজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

দুর্ঘটনার ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়ে গেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দিল্লিকে ‘হৃদয়হীন নগর’ বল বর্ণনা করেছেন।

এ ঘটনার পর দিল্লি সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতদের সাহায্যে এগিয়ে আসা ব্যক্তিদের জন্য পুরস্কার প্রদাণের ঘোষণা দেওয়া হয়।

অনলাইনে দিল্লির পরিবহনমন্ত্রী সাতিয়েন্দ্র জৈন বলেন, “দুর্ঘটনার শিকার ব্যক্তি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরও কেউ এগিয়ে আসেনি এবং তাকে সাহায্য করেনি; যা খুবই দুঃখজনক। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসা ব্যক্তিদের পুরস্কার প্রদাণের জন্য সরকার নতুন একটি স্কিম ঘোষণা করবে। ওই স্কিমের আওতায় অটো ও ট্যাক্সি চালকরাও যদি দুর্ঘটনার শিকার ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেয় তবে তাদেরও পুরস্কারের ব্যবস্থা রাখা হবে।”