মমতা-জয়ললিতায় আস্থা, আসামে উত্থান বিজেপির
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির পালে হাওয়া লাগলেও ভরাডুবি হয়েছে বিরোধী দল কংগ্রেস ও তার মিত্রদের।
লোকসভা নির্বাচনে তিন দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠনের ঠিক দুই বছরের মাথায় এই বিধানসভা নির্বাচনেও পদ্মফুলের জনপ্রিয়তা বেড়েছে; অন্যদিকে দুটি রাজ্য হারিয়েছে কংগ্রেসের পাঞ্জা।
গত ১৫ বছর ধরে কংগ্রেসের শাসন করে আসা আসাম এবার গেছে বিজেপির ঘরে। ১২৬ আসনের বিধান সভায় ৮৬টিতে জিতেছে পদ্মফুলের প্রার্থীরা। আর কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন ২৬টিতে, খুইয়েছেন ৫২টি আসন। তরুণ গগৈ-এর জায়গায় এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে আসামের মুখ্যমন্ত্রী করার ঘোষণা দিয়েছে বিজেপি।
২৯৪ আসনের বিধান সভায় এবার তৃণমূল প্রার্থীরা জয় পেয়েছেন ২১১টিতে, যা গতবারের চেয়ে ২৭টি বেশি। বিরোধী কংগ্রেস-বামফ্রন্ট জোটের ঘরে উঠেছে ৭৭ আসন।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মমতা এনডিটিভিকে বলেন, “আমি সব সময় আত্মবিশ্বাসী ছিলাম। তারা মাঠে ছিল না, আমিই ছিলাম।”
মমতার মতো ক্ষমতা ধরে রেখেছেন আরেক ‘শক্তিশালী’ নারী জয়ললিতা। তামিল নাড়ুর ২৩৪ আসনের মধ্যে দুটি বাদে বাকিগুলোর ফল ঘোষণা হয়েছে, যেখানে জয়ললিতার দল এডিএমকে ১৩৪টিতে জয়ী হয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী ডিএমকে পেয়েছে ৯৮টি আসন।
তামিল নাড়ুকে ‘১ নম্বর রাজ্য’ করার প্রত্যয় জানিয়ে জয়ললিতা বলেছেন, এই নির্বাচন ডিএমকে পরিবারের রাজনীতির ইতি টেনেছে।
পশ্চিমবঙ্গ পুনরুদ্ধারে ব্যর্থ হলেও কেরালায় বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফিরছে বামপন্থিরা। ১৪০ আসনের বিধানসভায় ৯১টিতে জিতেছে বাম-গণতান্ত্রিক জোট এলডিএফ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) পেয়েছে ৪৭টি আসন। এলডিএফের ঘরে নতুন করে ২৪টি এলেও ইউডিএফ জোট খুইয়েছে ২৩টি আসন।
কংগ্রেস নেতৃত্বের জন্য কিছুটা স্বস্তি এনেছে কেন্দ্রশাসিত পুদুচেরি। এখানকার ৩০টি আসনের মধ্যে ১৭টিতে বিজয়ী হয়েছে তারা।
ভোটে বিজেপির সমর্থন বৃদ্ধিকে মোদীর গত দুই বছরের কর্মকাণ্ডের প্রতি জনগণের ‘সায়’ বলে মন্তব্য করেছেন দলটির প্রধান অমিত শাহ।
অপরদিকে এক টুইটে বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
