মিয়ানমারের নির্বাচনে নেই কোনো মুসলিম প্রার্থী
মিয়ানমারে ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে মুসলিম প্রার্থীর সংখ্যা উদ্বেগজনক হারে কম। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দলের কোনোটিতেই মুসলিম প্রার্থী নেই বলে জানিয়েছে যুক্তরাজ্যের দুইটি গণমাধ্যম।
বিবিসি ও দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদনে বলা হয়, অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসি (এনএলডি) এবং ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারেটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) কোনোটিতেই মুসলিম প্রার্থী নেই।
এছাড়া, নতুন আইন করে মুসলিম বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
ভোটার তালিকা থেকে বাদ পড়া রোহিঙ্গা মুসলিম ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। যাদের অনেকে গত নির্বাচনে ভোট দিয়েছিল।
আবার সরকারি পরিচয়পত্র ফিরিয়ে দিতে বাধ্য করায় অনেক রোহিঙ্গা মুসলিম ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছে।
ক্ষমতাসীন ইউএসডিপি দলের বর্তমান এমপি ইউ শেউই মাউং নতুন আইনে প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা বরং তার ভোট দেওয়ার ক্ষমতাই হারিয়েছেন।
ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) তথ্য মতে, তার জন্মের সময় তার বাবা-মা মিয়ানমারের নাগরিক ছিলেন এমন প্রমাণ মাউং দিতে পারেননি। অথচ তার বাবা দেশটির একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন।
রোহিঙ্গা মুসলিম সমর্থিত একটি দল থেকে জাতীয় নির্বাচনের জন্য ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল। যাদের মধ্যে ১৭ জনের মনোনয়ন বাতিল করে দেয় ইউইসি। যেখানে নিয়ম হলো কোনো দলকে অন্তত তিনটি আসনে প্রার্থী দিতে হবে।
মিয়ানমারের পাঁচ কোটি ১০ লাখ মানুষের মধ্যে অন্তত পাঁচ শতাংশ মুসলিম।
