মাদক রাখার দায়ে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিলেন রাহুল: সুব্রামানিয়াম
বেআইনীভাবে অর্থ বহন এবং হেরোইন রাখার দায়ে যুক্তরাষ্ট্রের বোস্টন বিমানবন্দরে রাহুল গান্ধী গ্রেপ্তার হয়েছিলেন বলে দাবি এক বিজেপি নেতার।
সম্প্রতি বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী নিজের ব্লগে এই দাবি করেন।
ভারতের পত্রিকা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে বুধবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ পায়।
সুব্রামানিয়ামের দাবি, ভারতে সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী ওই যাত্রায় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুলকে বাঁচান। বাজপেয়ী রাহুলকে ছেড়ে দেয়ার জন্য ওই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশকে অনুরোধ করেছিলেন।
গান্ধী পরিবার বাজপেয়ীকে ব্ল্যাকমেইল করেছিল বলেও দাবি সুব্রামানিয়ামের। তবে এর পেছনের কারণ কি ছিল তা তিনি জানেন না।
এর আগেও এ ধরণের বিতর্কিত কথা-বার্তা বলেছেন এই বিজেপি নেতা।
তিনি আরও বলেন, “সত্যি বলতে বাজপেয়ী অনেক কিছু লুকিয়েছিলেন। জরুরি পরিস্থিতির সময় তিনি ইন্দিরা গান্ধীর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, জয়প্রকাশ নারায়ণ যা করেছেন সেটা ভুল এবং এ জন্য তিনি দুঃখিত। ‘তাই দয়া করে আমাকে কারাগার থেকে বের করুন’। পরে ইন্দিরা গান্ধী তাকে কারাগার থেকে বের করেন।”
