কলকাতায় বাড়ির সামনে ‘ছুরি নিয়ে’ মমতার ওপর হামলার চেষ্টা
হামলা চেষ্টার সময় ওই নারী নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার কালীঘাট এলাকায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপর ছুরি হামলা চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মঙ্গলবার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেই তার উপরে হামলার চেষ্টা হয়েছে। তৃণমূলের মমতাপন্থি সাংসদ দোলা সেনের অভিযোগ, ছুরি হাতে মমতাকে আঘাতের চেষ্টা করেন ওই নারী। তিনি নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেন।
দোলার দাবি, ওই নারী মাদকাসক্ত। হামলা চেষ্টার সময় তিনি নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে মমতাকে গালাগালও করেন। এক পর্যায়ে রাস্তায় শুয়ে পড়েন ওই নারী।
ঘটনার কথা ই-মেইলে কালীঘাট থানার ওসিকে জানিয়েছেন দোলা। পাশাপাশি সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানাও করেছেন তিনি।
কালীঘাট থানার ওসিকে পাঠানো দোলার ই-মেইলের বরাতে খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কালীঘাটের বাড়ির সামনে মমতার উপরে হামলার চেষ্টা হয়। এ সময় মমতা, তার দলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং দোলা কালীঘাট মিলন সঙ্ঘের পূজা উদ্বোধন শেষে ফিরছিলেন। সে সময় ওই নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন।
দোলার দাবি, ওই মহিলা মাদকাসক্ত ছিলেন। তিনি মমতার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। তার পরে রাস্তায় শুয়ে গালাগাল করতে থাকেন। ঘটনার সময় ওই মহিলার হাতে ছুরি ছিল।
ঘটনার পরে সেখানে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশকর্মীর কাছে বিষয়টি জানান দোলা। কিন্তু তারা দোলাকে বলেন, আমরা রাজ্য পুলিশের কর্মী। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তারা কিছু করতে পারবেন না।
দোলা বলছেন, অভিযুক্ত নারীকে আটকের বদলে ওই পুলিশ সদস্যরা তাকে দূরে নিয়ে চা খাওয়াচ্ছিল। তিনি সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন!”
একই ঘটনা নিয়ে সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, দিল্লিতে ইনডিয়া জোটের কর্মসূচি সেরে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই কালীঘাটের বাড়িতে ফিরেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই কালীঘাট মিলন সংঘের পূজা উদ্বোধন করেন তিনি। সন্ধ্যায় কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের মমতা। এ সময় নিজেকে মমতার ভাগ্নি পরিচয় দিয়ে ওই তরুণী সাবেক মুখ্যমন্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন।
এ সময় মমতার সঙ্গে থাকা অন্যরা প্রাথমিকভাবে হতচকিত হয়ে যান। পরে নেত্রীর বিপদ বুঝে ওই তরুণীকে পাকড়াও করার চেষ্টা করেন তারা। কিন্তু ততক্ষণে সেই নারী মমতার কাছে পৌঁছে যান। তিনি মমতার শাড়ি ধরেও টান মারেন। যদিও ততক্ষণে উপস্থিত লোকজন অজ্ঞাত নারীকে মাটিতে ফেলে দেন।
এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, আটক মহিলার নাম অনুসূয়া সাহা। তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা।
