‘ওই সিরিজ দেখেছো, রিল দেখেছো?’, মেট্রোতে শিক্ষার্থীদের সঙ্গে মোদীর তুমুল আড্ডা
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে যেতে মেট্রোতে চড়েন ভারতের প্রধানমন্ত্রী।
শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে মেট্রোতে শিক্ষার্থীদের সঙ্গে তুমুল আড্ডা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলতি বছরের ১ মে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই উদ্যাপন শুরু হয়; মোদী ছিলেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি।
বৃহস্পতিবার সেখানে যেতে মেট্রো বেছে নেন তিনি, তাতেই ভারতীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পান বলে জানিয়েছে এনডিটিভি।
মেট্রোতে সাধারণ যাত্রীবেশে মোদীর বসে থাকা ও লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশন থেকে বিশ্ব বিদ্যালয় মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোতে ওঠা সাধারণ যাত্রীদের সঙ্গে তার কথাবার্তার অনেকগুলো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
“তরুণদের সহযাত্রী হিসেবে পেয়ে আমি খুব খুবি,” মেট্রোর বগিতে শিক্ষার্থীদের সঙ্গে আড্ডার কিছু ছবি দিয়ে টুইটারে দেওয়া পোস্টে বলেন মোদী।
পরে শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী তার মেট্রোর আড্ডার অভিজ্ঞতা তুলে ধরেন।
“শিক্ষার্থীদের মতো আমিও আজ মেট্রোতে চড়েছি। শিক্ষার্থীরা অনেক কিছু নিয়ে কথা বলেছে। বৈজ্ঞানিক বিষয় থেকে শুরু করে ওটিটির নতুন সিরিজ পর্যন্ত, কোনো কিছু বাদ ছিল না,” বলেন মোদী।
ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তরের ক্যাম্পাসে কম্পিউটার সেন্টার, প্রযুক্তি অনুষদ ভবন ও অ্যাকাডেমিক ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দিল্লির এই বিশ্ববিদ্যালয় ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং সমাপনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য বেশকিছু নির্দেশনা জারি করেছিল। তার মধ্যে ছিল- কালো পোশাক পরা যাবে না, সবার বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করতে হবে, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস বন্ধ রাখা।
