০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিডনিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাক্তনদের মিলনমেলা

স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠে কমিউনিটি সেন্টার।

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 11:42 AM

Updated : 09 Nov 2026, 11:44 AM

প্রবাসে পুরনো বন্ধুত্ব ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী।

রোববার সিডনির বারগো কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের প্রায় ৫০ জন প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় পারিবারিক মিলনমেলায়।

সকালের নাশতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আয়োজনে ছিল দেশীয় খাবার, স্মৃতিচারণ, আড্ডা, খেলাধুলা ও সংগীত পরিবেশনা।

দীর্ঘদিন পর পুরনো সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই ফিরে যান কলেজ জীবনের স্মৃতিতে। গল্প, হাসি আর আনন্দে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আয়োজকরা জানান, প্রবাসে পেশাগত ও পারিবারিক ব্যস্ততার কারণে অনেক সময় সহপাঠীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হয় না। বার্ষিক এ আয়োজন সেই দূরত্ব কমিয়ে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে।