২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে ঢাকায় ‘আইসিসিআর দিবস’ উদযাপন

এ উপলক্ষে একটি চিত্রাঙ্কণ ক্যাম্পের পাশাপাশি আইজিসিসি শিক্ষার্থী ও বাংলাদেশের আইসিসিআর অ্যালামনাইদের সংগীত, নৃত্য ও যোগ পরিবেশনার আয়োজন করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 08:06 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক অংশীদারত্বকে স্মরণীয় করে রাখতে ঢাকায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) উদযাপন করেছে ভারতীয় হাই কমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।

আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার সন্ধ্যায় গুলশানের আইজিসিসি প্রাঙ্গণে এ আয়োজনের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।

বাংলাদেশের আইসিসিআর অ্যালামনাই ও জ্যেষ্ঠ শিল্পীদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কণ ক্যাম্পের পাশাপাশি আইজিসিসি শিক্ষার্থী ও বাংলাদেশের আইসিসিআর অ্যালামনাইদের সংগীত, নৃত্য ও যোগ পরিবেশনা ছিল এই আয়োজনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণ্ঠশিল্পী ও আইসিসিআর স্কলার প্রিয়াঙ্কা গোপ রবীন্দ্র সংগীত ও শাস্ত্রীয় সংগীতের একটি বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান গভীর সাংস্কৃতিক সাদৃশ্যকে এই দুই দেশের সম্পর্কের জন্য শক্তির একটি উৎস হিসেবে তুলে ধরেন হাই কমিশনার প্রণয় ভার্মা।

হাই কমিশন বলেছে, তিনি প্রতিবেশী দুই দেশের মাঝে একটি প্রাণোচ্ছল সাংস্কৃতিক সংলাপ লালন করার ক্ষেত্রে আইসিসিআর এর ভূমিকার ওপর আলোকপাত করেন। 

“আইসিসিআরকে ভারতীয় কূটনীতির ‘সাংস্কৃতিক হৃৎস্পন্দন’ হিসেবে বর্ণনা করেন তিনি, যা দেশের সীমান্ত অতিক্রম করে সাংস্কৃতিক সংলাপকে এগিয়ে নিয়ে যায়।”

‘সম্প্রীতি’ শিরোনামে হাই কমিশনার আইজিসিসি আয়োজিত দুই দিনের একটি চিত্রাঙ্কণ ক্যাম্প উদ্বোধন করেন।

যেখানে বাংলাদেশের ৩০ জনেরও বেশি শিল্পী ও আইসিসিআর স্কলার অংশ নিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন ফরিদা জামান, জামাল আহমেদ, মো. ইউনুস, নিসার হোসেন ও রঞ্জিত দাস।

এই ক্যাম্প চলাকালে তাদের সৃষ্ট শিল্পকর্মগুলো দিয়ে আইজিসিসিতে দুই সপ্তাহের প্রদর্শনী হবে। সর্বসাধারণের জন্য এ প্রদর্শনীর উদ্বোধন হবে ৩০ এপ্রিল।

অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী ও আইসিসিআর স্কলার তরুণ ঘোষের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন হাই কমিশনার। ‘সম্প্রীতি’ চিত্রাঙ্কণ ক্যাম্পে অংশ নিতে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু গত ৯ এপ্রিল প্রয়াত হয়েছেন।