২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ, নির্যাতনে নারীর অগ্রযাত্রা দমানো যাবে না: নাসিমুন আরা হক মিনু

নারীর প্রতি যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি।

ধর্ষণ, নির্যাতনে নারীর অগ্রযাত্রা দমানো যাবে না: নাসিমুন আরা হক মিনু
রোববার বিকেলে ঢাকার পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নারী দিবস উদযাপন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 12:12 AM

Updated : 01 Sep 2026, 09:45 PM

দেশে দিন দিন নারী ও শিশু নিপীড়ন বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু।

তিনি বলেছেন, “ধর্ষণ ও নির্যাতন করে নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না। নারীর প্রতি যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিবাদ গড়ে তুলতে হবে।"

রোববার বিকেলে ঢাকার পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নারী দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে নাসিমুন আরা হক মিনু এ কথা বলেন। 

কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাগুরায় ৮ বছরের শিশুকে ‘ধর্ষণ ও হত্যার’ ঘটনাসহ সব ধরনের নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় অনুষ্ঠানে। 

নাসিমুন আরা হক মিনু বলেন, “সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, মানসিক ও শারীরিক নির্যাতন, নারীকে মানুষ হিসেবে মনে না করার হীন মানসিকতা- এমন হাজারো কারণে এখনো নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। 

"একই সঙ্গে সাংবাদিকতায় নারীদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়।"

সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দিকী সোমা, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া শারমিন। 

কেন্দ্রের কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খানম, দপ্তর সম্পাদক আহমেদ মুশফিক নাজনীন, প্রশিক্ষণ সম্পাদক নাসরিন শওকত, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।