কেউ কথা শোনে না, হতাশ সড়কমন্ত্রী
সড়ক মেরামতের কাজে অগ্রগতি হলেও দুর্ঘটনা কমাতে সফল না হওয়ার জন্য সবার অসচেতনতাকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
“অনেক ব্যবস্থা নিয়েছি, কাজে আসছে না। এখনও ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালায়, কথা শোনে না। এখনও পথচারীরা মোবাইলে মধুর কথা বলতে বলতে রাস্তা পার হয়,” হতাশার সুর তার কণ্ঠে।
সড়কে ভিআইপিদের উল্টো পথে যাত্রার সমালোচনাও করেন ওবায়দুল কাদের।
“অনেক সময় দেখা যায়, রাস্তায় আমাদের গণ্যমান্য ব্যক্তিদের গাড়িও রং সাইডে বহর নিয়ে চলে যাচ্ছে। এটা করলে যানজটে আটকে থাকা সাধারণ মানুষের কাছে আমাদেরই ভাবমূর্তি নষ্ট হয়।”
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী প্রচার ও প্রকাশনা সেলের উদ্যোগে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : যোগাযোগ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি’ বিষয়ক সেমিনারে বক্তব্যে দুর্ঘটনা নিয়ে হতাশা ফুটে ওঠে মন্ত্রীর বক্তব্যে।
সেমিনার চলার সময় দুইবার দলীয় স্লোগান দিয়ে মিছিল নিয়ে মিলনায়তনে ঢুকে যাওয়ায় দলের কর্মী-সমর্থকদেরও সমালোচনা করেন তিনি।
“এখানে আমি এসেছি সরকারের সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী হিসেবে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আসিনি। এখানে দলীয় স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসার কোনো দরকার নেই। কোন কাজটা কোন জায়গায় করতে হবে, তা আমাদের শিখতে হবে।”
ট্রাফিক সচেতনতার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জোর দাবি জানিয়ে এক্ষেত্রে পদক্ষেপ না নেওয়ায়ও হতাশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
“শিক্ষা মন্ত্রণালয়কে বার বার বলার পরও পাঠ্যপুস্তকে ট্রাফিক সচেতনতা বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত হচ্ছে না। কিন্তু সড়ক নিরাপত্তার জন্য বিষয়টি খুবই জরুরি। তাহলে শিশুরা প্রাথমিক শিক্ষার সময় থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে শিখতে পারবে।”
ফাইল ছবি
সড়ক-মহাসড়কগুলোতে বিভিন্ন ধরনের বিলবোর্ডগুলোকেও দুর্ঘটনার জন্য দায়ী করেন মন্ত্রী।
“হাইওয়ে, রাস্তাগুলো বিলবোর্ডে ভরে গেছে। যেসব নেতার পদ নেই, তারাও সম্ভাব্য পদ দাবি করে বিলবোর্ড দিয়ে সড়কপথ ভরে রেখেছে যা চালকের দৃষ্টি কেড়ে নেয়, ফলে দুর্ঘটনা ঘটছে।”
সড়কের নাজুক অবস্থার জন্য দুর্ঘটনা এখন অনেক কমেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।
তিনি জানান, সরকার মহাসড়কে ঝুঁকিপূর্ণ দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি বাঁক সংশোধনের জন্য ১৬৫ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে ৪৭টির দরপত্র হয়ে গেছে। বাকিগুলো জানুয়ারি মাসেই হয়ে যাবে।
এছাড়াও মন্ত্রী সড়ক পথের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হওয়ার কথা বলেন। কর্ণফুলী ট্যানেল নির্মাণে চীন সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের কথাও বলেন তিনি।
সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেলের প্রধান এইচ টি ইমাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো মিজানুর রহমান।
মূল প্রবন্ধে তিনি দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ ও বড় বড় প্রকল্পগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়।
