শিক্ষাবিদ জিল্লুর রহমানকে শেষ শ্রদ্ধা
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর কফিনে ফুল দিয়ে তার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষাবিদ, রাজনীতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
সাবেক কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত অধ্যাপকের মরদেহ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।
প্রখ্যাত এই শিক্ষাবিদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে আগে থেকে সমবেত হন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত হন কয়েকজন অধ্যাপকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে জিল্লুর রহমান সিদ্দিকীর কফিনে ফুল দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব দলীয় নেতাকর্মীরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পক্ষে খালেকুজ্জামান, ওয়ার্কার্স পাটির পক্ষে সাংসদ ফজলে হোসেন বাদশাহ, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি প্রয়াত অধ্যাপককে শ্রদ্ধা জানান।
শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও আনিসুজ্জামানও ছিলেন শ্রদ্ধা নিবেদকদের কাতারে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও হাসান আরিফ জিল্লুর রহমান সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা জানান।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জিল্লুর রহমান সিদ্দিকীর জানাজা হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় বনানীতে।
বাদ আছর গুলশানের আজাদ মসজিদে জানাযা শেষে বনানী কবরস্থানে তার দাফন হবে হবে প্রয়াতের ভাগ্নে ওয়াজিদ হাসান শাহ জানিয়েছেন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ নেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে প্রতিষ্ঠানের উপাচার্য ছিলেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ৮টা থেকে প্রায় ঘণ্টা উপাচার্যের বাসভবনের সামনের মাঠে রাখা হয় তার মরদেহ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, সহ-উপাচার্য আবুল হোসেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা সাবেক এই উপাচার্যের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), জাহাঙ্গীরনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি, প্রভোস্ট কমিটি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন ও জিল্লুর রহমানের নিজের কর্মস্থল ইংরেজি বিভাগের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, অধ্যাপক আনু মুহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যক্তিগতভাবে অনেক ভক্ত-অনুরাগী অধ্যাপক জিল্লুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পাশাপাশি শোক বইয়ে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ বিভিন্ন স্থান থেকে আগতরা।
শ্রদ্ধা জানানো শেষে সকাল ৯টায় উপাচার্যের বাসভবনের সামনের মাঠে তার প্রথম জানাজা হয়।
গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিল্লুর রহমান সিদ্দিকী। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
স্বাধীনতা পুরস্কারে ভূষিত এই শিক্ষাবিদ ১৯৯০-৯১ সালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেন।
জিল্লুর রহমান সিদ্দিকীর জন্ম ১৯২৮ সালে ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহে। তার পড়াশোনার হাতেখড়ি কলকাতায়, নর্মাল স্কুলে।
ভারত ভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হন জিল্লুর রহমান। স্নাতক ও স্নাতকোত্তরে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ১৯৫২ সালে সরকারি বৃত্তি নিয়ে অক্সফোর্ডে যান তিনি।
দেশে ফেরার পর প্রথমে ঢাকা কলেজে যোগ দেন। এরপর ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা শুরু করেন তিনি।
১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন জিল্লুর রহমান। ১৯৮৪ সালে উপাচার্য পদ থেকে বিদায় নিলেও ইংরেজির অধ্যাপক হিসেবে ছিলেন তিনি। এর মধ্যে বিশ্বভারতীতেও পড়িয়ে আসেন জিল্লুর রহমান সিদ্দিকী।
২০০০ সালে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন অধ্যাপক জিল্লুর। তিন বছর পর সেখান থেকে তিনি স্বেচ্ছা অবসর নেন।
বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটিতে সম্পৃক্ত থাকার পাশাপাশি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি; নাগরিক নাট্য চক্রের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
ইংরেজি-বাংলা মিলিয়ে অধ্যাপক জিল্লুর রহমানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০টি৷ এর মধ্যে ১৯৭৭ সালে প্রকাশিত ‘শব্দের সীমানা’ প্রবন্ধ গ্রন্থের জন্য তিনি ‘আলাওল সাহিত্য পুরস্কার’ লাভ করেন৷ তার কবিতা গ্রন্থ ‘হৃদয়ে জনপদে’ বাংলা একাডেমি পুরস্কার পায়।
মুক্ত চিন্তার বিকাশে অধ্যাপনা, গবেষণা ও সৃজনশীল লেখনীর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় জিল্লুর রহমান সিদ্দিকীকে।
