২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ অস্ত্রসহ গ্রেপ্তার ১২

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দশটি আগ্নেয়াস্ত্রসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 05:21 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন একটি অস্ত্র চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত। নির্বাচন সামনে রেখে তারা এসব অস্ত্র রাজধানীতে এনেছে। ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদেরও অস্ত্র যোগাচ্ছে এই চক্র।

মহানগর পুলিশের যুগ্ন কমিশনার মনিরুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, গত মে মাসে এক অভিযানে একটি অস্ত্র চোরাকারবারি দলের কয়েকজন সদস্যকে ছয়টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর বংশাল ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেন ওরফে পিচ্চি কামাল, কবির,  ইস্রাফিল, শাহরুখ, এবং শামসুল নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে পিস্তল, রিভলবারসহ পাঁচটি অস্ত্র পাওয়া যায়।

“এরা সবাই অস্ত্র ব্যবসায়ী। আগামী জাতীয় নির্বাচন ও ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে তারা রাজধানীতে এসব অস্ত্র জমা করছে,” বলেন মনিরুল ইসলাম।

এদিকে গোয়েন্দা পুলিশের আরেকটি দল একই রাতে বাসাবো এলাকা থেকে ‘কামলা রাসেল’ ও ‘মিল্লু রাসেল’ নামে দুজনকে গ্রেপ্তার করে।

মনিরুল ইসলাম বলেন, “তারা দুজন ছিনতাইকারী। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।”

পুলিশের আরেকটি দল পশ্চিম রামপুরা থেকে ফারজানা আক্তার নামে এক নারীকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করে। তার কাছে একটি পিস্তলও পাওয়া যায়।

এছাড়া মোহাম্মদপুর থেকে শামীম, সুমন, মাসুদ এবং আরিফুল নামে আরো চারজনকে একটি পিস্তল, দুটি চাপতিসহ গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, এসব ঘটনায় অস্ত্র আইনে মোট পাঁচটি মামলা করা হচ্ছে।

এসব অভিযানে ৬১ রাউণ্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ছানোয়ার হোসেন বলেন, “উদ্ধার করা সবগুলো অস্ত্রই অস্ত্র কারবারীদের হাত দিয়ে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের কাছে গেছে। এদের মধ্যে কেউ কিনেছে, কেউ ভাড়ায় নিয়েছে।”